৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার সংগঠনকে 'সন্ত্রাসী' বললেন ফ্লোরিডা গভর্নর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার সংগঠনকে 'সন্ত্রাসী' বললেন ফ্লোরিডা গভর্নর

আবু সাবেত: ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস দেশটির অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার সংগঠনকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছেন। গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ সিদ্ধান্তের ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) তিনি এ ঘোষণা দেন।
এই ঘোষণা রিপাবলিকান আইনপ্রণেতাদের সেই প্রচেষ্টারই সাম্প্রতিক ধাপ, যেখানে ট্রাম্প প্রশাসনের বিরোধী কিংবা সংখ্যালঘু ও অভিবাসীদের অধিকার সমর্থনকারীদের বৃহৎ অংশকে শত্রুভাবাপন্ন ও বিপজ্জনক গোষ্ঠী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোকে অপরাধপ্রবণ কেন্দ্র, প্রগতিশীল বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী নেটওয়ার্ক’, এবং অনিবন্ধিত অভিবাসীদের ‘অপরাধী অবৈধ এলিয়েন’ হিসেবে আখ্যা দিয়ে আসছেন, যেন তারা মার্কিন নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।
ডেস্যান্টিসের নির্দেশ অনুসারে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এবং মুসলিম ব্রাদারহুডকে ফ্লোরিডায় কোনো সরকারি চুক্তি, চাকরি বা রাষ্ট্রীয় তহবিল থেকে বঞ্চিত করা হবে। গত মাসে টেক্সাসে হওয়া অনুরূপ ঘোষণার পর সিএআইআর জাতীয় পর্যায়ে গভর্নরকে “ভিত্তিহীন ষড়যন্ত্রতত্ত্ব ও মনগড়া বক্তব্যের ওপর নির্ভর করে মুসলিম-বিরোধী বিদ্বেষ ছড়ানোর” অভিযোগ তোলে এবং এটিকে তার এআইপিএসি দাতাদের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করে।
উল্লেখ্য, মার্কিন ফেডারেল সরকার সিএআইআর বা মুসলিম ব্রাদারহুড কোনোটিকেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়নি।
সিএআইআর ও সংগঠনের ফ্লোরিডা শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ডেস্যান্টিসের বিরুদ্ধে মামলা করবে এবং এ ঘোষণাকে তারা 'সংবিধানবিরোধী' ও 'মানহানিকর' বলে অভিহিত করেছে যা অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইল করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সিএআইআর জাতীয় কার্যালয় বিবৃতিতে জানায়, সিএআইআর একটি স্বাধীন আমেরিকান নাগরিক অধিকার সংগঠন, যা ৩০ বছর ধরে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, ধর্মীয় স্বাধীনতা অগ্রসর করা এবং দেশ-বিদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেছে। আমরা সবসময় ঘৃণা-অপরাধ, জাতিগত নিধন, গণহত্যা ও সন্ত্রাসবাদসহ সকল ধরনের অন্যায় সহিংসতার নিন্দা জানিয়েছি। প্রকৃতপক্ষে আমরা এতবার সন্ত্রাসবাদ নিন্দা জানিয়েছি যে এক পর্যায়ে আইএস আমাদের নির্বাহী পরিচালকের ওপর হামলার হুমকি দেয়।
টেক্সাস গভর্নর অ্যাবটকে উদ্দেশ্য করে সংস্থাটি বলে, গ্রেগ অ্যাবট একজন ‘ইসরায়েল-ফার্স্ট’ রাজনীতিক, যিনি মাসের পর মাস ইসরায়েলি সরকারের সমালোচনাকারী আমেরিকান মুসলিমদের কলঙ্কিত করতে মুসলিম-বিরোধী উন্মাদনা উস্কে দিয়েছেন। ভিত্তিহীন ষড়যন্ত্রতত্ত্ব ও মনগড়া উদ্ধৃতি দিয়ে আরেকটি শীর্ষ মুসলিম প্রতিষ্ঠানের মানহানি করে তিনি আবারও দেখালেন—তার অগ্রাধিকার জনগণের সেবা নয়, বরং মুসলিম-বিরোধী বিদ্বেষকে এগিয়ে নেওয়া। তার এই প্রচারণা সত্য বা আইনের কোনো ভিত্তি নেই এবং তা আমাদের নাগরিক অধিকার কার্যক্রম থামাতে পারবে না।
ফ্লোরিডায় ঘোষণাটি আসে এমন সময়ে যখন প্রেসিডেন্ট গত সপ্তাহেই মিনেসোটায় বসবাসরত সোমালি সম্প্রদায়কে নিয়ে বর্ণবাদী ও ষড়যন্ত্রপূর্ণ মন্তব্য করে বলেন এই জনগোষ্ঠী 'দেশের জন্য কিছুই করে না, বরং দেশ ধ্বংস করছে।'
গত মঙ্গলবার কেবিনেটের টেলিভিশন সম্প্রচারিত দীর্ঘ বৈঠকে তিনি গৃহযুদ্ধের সময় দেশত্যাগী সোমালি শরণার্থীদের নিয়ে উন্মুক্তভাবে বিদেশি-বিদ্বেষমূলক মন্তব্য করেন। মিনেসোটায় প্রায় ৮৪ হাজার সোমালির মধ্যে বেশিরভাগই মার্কিন নাগরিক, যারা রাজ্যের মোট জনসংখ্যার ১.৫ শতাংশেরও কম। ট্রাম্প বলেন, 'তাদের দেশ কেমন? দেশই না, ওটা শুধু মানুষ ঘুরে বেড়িয়ে একে অন্যকে হত্যা করছে। এসব সোমালিয়ান আমাদের দেশ থেকে বিলিয়ন ডলার নিয়ে গেছে, বিলিয়ন এবং বিলিয়ন। তাদের এখান থেকে বের করে দেওয়া উচিত। তারা দেশ ধ্বংস করেছে। আর করে শুধু অভিযোগ, অভিযোগ, অভিযোগ।'
হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের পোস্ট এবং বর্ডার পেট্রোল প্রধান গ্রেগরি বোভিনোর মন্তব্যে অভিবাসন অভিযানকে সামরিক শিকার অভিযানের মতো রোমাঞ্চকরভাবে তুলে ধরা হয় যা অশ্বেতাঙ্গ, অমুসলিম ও অ-রক্ষণশীল গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রশাসনের আক্রমণাত্মক অবস্থানের সঙ্গে মিল রাখে।
হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমও অনিবন্ধিত অভিবাসী, 'নো কিংস' বিক্ষোভকারী ও অভিযানের আশপাশের মানুষদের এমনভাবে উপস্থাপন করেন, যেন তারা ভীতিকর হুমকি যা প্রেসিডেন্টের 'অন্তর্দ্বন্দ্বী শত্রু' সম্পর্কিত দাবিকে জোরদার করে।
জানা গেছে, গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও ট্রাম্পের 'বর্ডার সিজার' টম হোম্যান আইসিই এজেন্টদের নির্দেশ দেন প্রতিদিন ৩ হাজার সন্দেহভাজন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করতে কোনো অপরাধ রেকর্ড থাকুক বা না থাকুক। মিলার এজেন্টদের 'যেকোনো জায়গায় খোঁজার নির্দেশ দেন ফলে যুক্তরাষ্ট্রজুড়ে নিয়মিত ভিসা চেক, আদালত ও কর্মস্থলেও আইসিই উপস্থিতি বাড়ে।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি