৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে শীতের প্রকোপে বাড়ছে করোনা সংক্রমণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে শীতের প্রকোপে বাড়ছে করোনা সংক্রমণ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে শীতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এযাবত ৮৭ লাখ ২ হাজার ৬০০ লোক আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে মারা গেছে ২ লাখ ২৭ হাজার জন। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাসপাতলগুলোতে করোনাভাইরাস আক্রান্ত ৪১ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে ৮,৪৮৮ জন রয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে উত্তরাঞ্চলে তথা নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশয়ার, মেইন ও ভারমন্ট এলাকায় শীতকালের আবহাওয়ায় সংক্রমণ বেড়ে যেতে পারে। তাদের আশঙ্কা, আর্দ্রতা, সূর্যের তাপ, ভিটামিন ডিয়ের অভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াসহ শীতকালে অন্যান্য ভাইরাস ও ফ্লু জাতীয় শ্বাসকষ্টের রোগের লক্ষণ দেখা দেয় বলে এ সময় মানুষ করোনা ভাইরাস নিয়ে আরো বেশি সংবেদনশীল হয়ে ওঠতে পারে। এদিকে শুরুর দিকে করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল, এখন তা আর নেই বলেই বিশেষজ্ঞরা মনে করেছেন। মানুষ অনেকটা বেপরোয়াভাবে চলাফেরা করছেন। মানুষের এই ঝুঁকিপূর্ণ আচরণ সংক্রমণ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, সামনে শীতকাল। শীতে পরিস্থিতি কোন দিকে যাবে বলা যাচ্ছে না। শীতকে সামনে রেখে কর্মপরিকল্পনা জরুরি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করতেই হবে। নইলে সামনে বিপদ চলে আসতে পারে। চিকিৎসকরা উল্লেখ করেন, করোনা সংক্রমণ এখন কিছুটা কমেছে। কিন্তু এখন কম-বেশি বলা মুশকিল। এক মাস পরিস্থিতি দেখে বলা যাবে, কোন দিকে যাচ্ছে। এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত ২৬ অক্টোবর পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের ১১ লাখ ৫৪ হাজার অতিক্রম করেছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিলের অবস্থান তৃতীয় হলেও মৃতের দিক থেকে দ্বিতীয়। এযাবত ব্রাজিলে কনোরাভাইরাস আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ১৩৪ জন রোগী মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ। ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় বৃহত্তম, যেখানে ৭৯ লাখ লোক আক্রান্ত এবং এবং এযাবত মারা গেছে ১ লাখ ১৯ হাজার ১৪ জন। মেক্সিকোতে গত ২৬ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮ লাখ ৯১ হাজার ১৬০ জন এবং এর মধ্যে মৃত্যু ঘটেছে ৮৮ হাজার ৯২৪ জনের। ইউরোপে সর্বাধিক সংখ্যক মৃত্যু ঘটেছে যুক্তরাজ্যে, যেখানে মারা গেছে ৪৪ হাজার ৯৮৬ জন এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ৭৬ হাজার ৮৪০ জন রোগী। করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের ফলে বিশ্বের অনেক দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশ্বব্যাপী যার দৈনিক গড় হার ২ লাখের অধিক। তবে অনেক দেশে ভাইরাসের সংক্রমণ স্থিতাবস্থায় রয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। গত মার্চ মাসের শেষ দিকে নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসের বিস্তার বিস্ফোরণের মতো দাঁড়িয়েছিল এবং মৃতের সংখ্যাও ছিল অধিক এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসে। কিন্তু এখন তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তা বেশি বাড়ছে। গত ২৬ অক্টোবর সোমবার আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩০০ জন, যা পূর্ববর্তী এক সপ্তাহের দৈনিক গড় ৭১ হাজারের অধিক। ২০টির বেশি স্টেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌছার কারণে এর আগে বার ও রেষ্টুরেন্টগুলোতে লোক সংখ্যা যেভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছিল তার উপর পুনরায় নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ ক’টি স্থানে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে এবং রোগীর চাপ সামলাতে ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা উপলব্ধি করতে পারছেন যে কিভাবে কোভিড ১৯ আবারও বিস্তৃত হতে শুরু করেছে। তারা চারটি কারণের কথা বলেছেন; কেউ করোনাভাইরাস আক্রান্ত রোগীর কত কাছে গেছেন বা যাবেন; রোগীর কাছে কতটা সময় কাটিয়েছেন; রোগী আপনার কাছে কফ, থুথু ফেলেছে কিনা; এবং রোগীর কাছ থেকে আসার পর কিভাবে বা কতবার নিজের মুখ স্পশ করেছেন। কোভিড ১৯ এর সংক্রমণের ঝুুঁকি এড়ানোর উপায়ও বাতলে দিয়েছেন তারা। বাড়ির বাইরে অন্যদের থেকে অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখা, বাড়ির বাইরে সবসময় মাস্ক ব্যবহার করা-যত বেশি সংখ্যক লোক মাস্ক ব্যবহার করবে তত বেশি নিরাপদ থাকা যাবে। বাড়ির বাইরে কোনকিছুর স্পর্শ লাগলে সাবান দিয়ে অন্তত বিশ সেকেণ্ড হাত ধৌত করা ও পরিচ্ছন্ন টাওয়েল দিয়ে মোছা; মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা, কারণ আমরা নাক, মুখ ও চোখ স্পর্শ করলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। অতএব হাত না ধুয়ে চোখ মুখ স্পর্শ করা অনুচিত। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে এবং নভেম্বরের প্রথম দিক থেকে সংকটজনক অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞরা। আট মাস আগে যখন যুক্তরাষ্ট্রে করোনা হানা দিয়েছিল, তখন কেউ হয়ত ভাবতেই পারেনি কোভিড-১৯ এতটা ভয়ঙ্করভাবে দেশটিকে আক্রান্ত করবে। এত উচ্চমানের ল্যাবরেটরি, গবেষক এবং ওষুধ মজুদ থাকার পরও মৃতের সংখ্যা গত ২৭ অক্টোবর ২ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য গবেষক জেনিফার নুজো বলেন, ‘আমরা এমন ভয়াবহ পরিস্থিতির কথা কখনো ভাবতেও পারিনি।’ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আর আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ অতিক্রম করেছে । দেশটিতে করোনায় মৃতের সংখ্যা জনবহুল রাজ্য উটাহর রাজধানী সল্টলেক সিটির জনসংখ্যার চেয়ে বেশি। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৪ হাজারের বেশি। । আভাস দেয়া হয়েছে যে, আগামী ১ জানুয়ারীর মধ্যে যুক্তরাষ্ট্রে ভালো অবস্থা বিরাজ করলে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারে সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু অবস্থা যদি শোচনীয় পর্যায়ে যায়, তাহলে সেক্ষেত্রে ৬ লাখ ২০ হাজারে উন্নীত হতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত দেশ ভারতে এখন প্রতিদিন গড়ে সনাক্ত করা হচ্ছে ৯০ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে । শীতল আবহাওয়া এগিয়ে আসার সাথে সাথে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারকরা তাদের হতাশা ব্যক্ত করছেন যে, কী ঘটবে তা কেউ জানে না। যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টারা দেশবাসীকে সতর্ক করেছেন। প্রস্তুতি নিতে বলেছেন আগামী ছয় মাসের জন্য ভাইরাস মোকাবিলার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ও মৃত্যুর দ্বিতীয় পর্যায়ের আশঙ্কা বহুদিন থেকেই করা হচ্ছে। এখন তারা অনেকটা নিশ্চিতভাবেই বলছেন যে, এটি সম্ভবত আরো বিপর্যয়কর হবে। বিশেষজ্ঞরা আশংঙ্কা করছেন যে ৩ নভেম্বরের নির্বাচনের আগে থেকে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণের ব্যাপকতা বৃদ্ধি পেতে থাকবে। ভয়াবহ রূপ নেবে কয়েক সপ্তাহ পর। যখন শীত জাঁকিয়ে বসবে। শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত অন্যান্য ভাইরাসের প্যাটার্নের কারণে কোভিড ১৯ এর শীতকালীন প্রকোপের শোচনীয় অবস্থার কথা বলা হচ্ছে। জন হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের একজন এপিডেমিওলজিষ্ট এলি ক্লেইন বলেছেন, ‘আমার মনে হয় করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ আসছে। শীতের সাথে আসছে এটা বড় ব্যাপার নয়, বরং কতোটা ভয়াবহভাবে আঘাত হানতে পারে সেটি উদ্বেগের বিষয়।’ গবেষকরা এমন এক সময়ে তাদের সতর্কতা ব্যক্ত করছেন যখন মিডওয়েষ্টে সংক্রমণ হার বৃদ্ধির ঘটনা সত্বেও গত কয়েক সপ্তাহ ধরেই জাতীয়ভাবে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি