যুক্তরাষ্ট্রে পার্কিং নিয়ে বিরোধে গুলিতে ১২ বছরের কিশোরী নিহত
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধের সময় গুলিতে ১২ বছরের এক কিশোরী নিহত হয়েছেন। গত সপ্তাহান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শহরটির পুলিশ।
বিবিসি জানায়, বাল্টিমোর পুলিশের কমিশনার রিচার্ড ওরলি এক সংবাদ সম্মেলনে বলেন, একটি পার্কে পার্কিংয়ের জায়গা নিয়ে দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ওই সময় সেখানে শিশুরা আমেরিকান ফুটবল খেলছিল। একপর্যায়ে দুই ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় গুলির মধ্যে পড়ে সেই কিশোরী আহত হন।
সম্ভবত সে সেখানে ফুটবল খেলা দেখতে গিয়েছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীটির পাশাপাশি গুলিবিদ্ধ এক নারীকে দেখতে পায়। এ ছাড়া, গুলির ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে এমন আঘাত নিয়ে আরো দুই ব্যক্তি আশপাশের হাসপাতালে যান।
পুলিশ অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছে।
এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ এখনো নিহত কিশোরীর নাম প্রকাশ করেনি। ওরলি বলেন, কিশোরীটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কিশোরীটিকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিন আহত ব্যক্তির কারও আঘাত গুরুতর নয় বলে জানান ওরলি।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। ঘটনাটি এখনো তদন্ত করছে পুলিশ। কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাদের তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে মোট কতটি গুলি ছোড়া হয়েছিল, তা এখনো নিশ্চিত নয় বলে জানান ওরলি।
সংবাদ সম্মেলনে বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট বলেন, ‘দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঝগড়ায় জড়ালেন। আর এখন ১২ বছরের একটি মেয়ে আমাদের মধ্যে নেই।’ তিনি আরো বলেন, ‘এখানে যা ঘটেছে, তা আমার জীবনে দেখা সবচেয়ে ঘৃণ্য ঘটনাগুলোর একটি।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের দিকে নজর ডেমোক্র্যাটদের
সঙ্গীত একাডেমি