
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে। আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় সময় সোমবার এ কথা বলা হয়েছে।
একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে। টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ওষুধ প্রশাসনের একজন মুখপাত্র।
তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, ‘যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। টিকাদানে বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে এগিয়ে আছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]