যুক্তরাষ্ট্র থেকে এক বছরে স্বেচ্ছায় নিজ দেশে ফিরেছে ২২ লাখ অবৈধ অভিবাসী
ট্রাম্প প্রশাসনের ‘এক্সিট বোনাস’ প্রণোদনা বৃদ্ধি
আবু সাবেত: গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২২ লাখ অবৈধ অভিবাসী 'স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন' বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম।
নোয়েম বলেন,এই প্রশাসনের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের করদাতাদের পক্ষ থেকে অবৈধভাবে অবস্থানরতদের স্বেচ্ছায় দেশ ছাড়ার প্রণোদনা বাড়ানো হয়েছে এখন ২,৬০০ ডলার এক্সিট বোনাস দেওয়া হবে।'
তিনি আরও বলেন,অবৈধ অভিবাসীদের এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় চলে যাওয়া উচিত। কারণ তারা যদি না যায়, আমরা তাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কখনো ফিরে আসতে পারবে না। এর আগে ট্রাম্প প্রশাসন স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য ১,০০০ ডলার বোনাস দিত।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বছরে মোট প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার (ডিপোর্ট) করা হয়েছে।
এর মধ্যে ২২ লাখ স্বেচ্ছা প্রস্থান সংখ্যাটি জোরপূর্বক বহিষ্কারের (যেমন আইসিই–এর মাধ্যমে) সংখ্যা ৬ লাখ ৭৫ হাজারের তুলনায় অনেক বেশি।
স্বেচ্ছা প্রত্যাবর্তনে সহায়তার জন্য ট্রাম্প প্রশাসন গত বছর সিবিপি ওয়ান নামের মোবাইল অ্যাপটি নতুনভাবে ব্যবহার শুরু করে। বাইডেন প্রশাসনের সময় এটি আশ্রয়ের সাক্ষাৎকার নির্ধারণে ব্যবহৃত হতো, আর এখন এটি স্বেচ্ছা দেশত্যাগের একটি টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নোয়েম দাবি করেন, এই পরিবর্তিত কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে দশ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছেন।
তিনি আরও বলেন, গত এক বছরে দক্ষিণ সীমান্ত দিয়ে ফেন্টানিল পাচার ২০২৪ সালের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। শুধু কোস্ট গার্ডই এত কোকেন জব্দ করেছে যা ১৭ কোটি ৭০ লাখ আমেরিকানকে হত্যা করার জন্য যথেষ্ট।
তিনি যোগ করেন,আমরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে করদাতাদের ১৩.২ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয় করেছি। অসংখ্য জীবন রক্ষা পেয়েছে, কমিউনিটিগুলো আরও শক্তিশালী হয়েছে, এবং আবারও আমেরিকান জনগণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।' গত এক বছরে সীমান্ত অতিক্রমের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম সীমান্তে মাত্র ১০,০০০টি অনুপ্রবেশের ঘটনা ঘটে, যেখানে ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ৯৬,০৩৩টি। আর ২০২৩ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৩,০১,৯৮১টি।
মঙ্গলবার নিজের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প বলেন, তার প্রশাসন সীমান্তের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন প্রয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ট্রাম্প বলেন, এটা ছিল অসাধারণ এক সময়। আমরা অন্য যেকোনো প্রশাসনের তুলনায় অনেক বেশি কাজ করেছি।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি