যশোরে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম

বাংলাপ্রেস অনলাইন : রাজনৈতিক সহযোদ্ধা, নেতাকর্মী আর গণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
কয়েকদফা জানাযা শেষে যশোর কারবালা গোরস্থানে দাফন করা হয়েছে তাকে। বর্ষীয়ান এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শেষবারের মত ফিরলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। যে কার্যালয়কে ঘিরে দীর্ঘ রাজনৈতিক জীবনের অনেকটা সময় কেটেছে, সেখানেই এই রাজনীতিককে শেষ বিদায় জানিয়েছেন দলটির সর্বস্তরের নেতাকর্মী।
সকালে তরিকুল ইসলামের জানাযা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে অংশ নেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, বিশদলীয় জোটের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী ও অগণিত শুভানুধ্যায়ীরা। জানাযা শেষে চির সংগ্রামী দৃঢ়চেতা এ নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান দলটির নেতাকর্মীরা। এরপর কয়েকবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মরদেহ নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা নামাজে জানাযা। এতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ সময় সাবেক এ মন্ত্রীকে শেষবারের মত শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ। বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পীকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় বিএনপি ও এলডিপির নেতারাও। পরে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক তরিকুল ইসলামের মরদেহ নেয়া হয় তার জন্মস্থান যশোরে। সেখানে তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ঈদগাহ মাঠে জানাযা শেষে কারবালা গোরস্থানে দাফন করা হয় তাঁকে। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি