কারি লেককে তিরস্কার
ভয়েস অব আমেরিকার ১ হাজার কর্মীকে কাজে ফেরানোর নির্দেশ বিচারকের
কারি লেক
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ভয়েস অব আমেরিকা (ভোয়া)-এর মূল সংস্থাকে নির্দেশ দিয়েছেন, ছুটিতে পাঠানো ১ হাজার ৪২ জন পূর্ণকালীন কর্মীকে সোমবারের মধ্যে কাজে ফিরিয়ে নিতে। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা কারি লেকের পদক্ষেপকে 'ইচ্ছামতো ও অযৌক্তিক' বলে আখ্যা দেন।
মার্কিন জেলা আদালতের বিচারক রয়েস সি. ল্যামবার্থ গত মাসেই রায় দিয়েছিলেন যে, লেক অবৈধভাবে সংস্থাটির মূল প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর প্রধান নির্বাহীর ক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে নিজের হাতে নিয়েছিলেন। ফলে তার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত আইনের দৃষ্টিতে বৈধ নয়।
মঙ্গলবারের রায়ে বিচারক আরও বলেন, লেক কংগ্রেসের বরাদ্দ অর্থের উদ্দেশ্য বিবেচনা করেননি এবং ভয়েস অব আমেরিকাকে কার্যত বন্ধ করে দিলে তার প্রভাব কী হবে, সেটিও মূল্যায়ন করেননি।
রায়ের পর ভোয়া পরিচালক মাইকেল অ্যাব্রামোভিটজ বলেন,আমরা এই রায়ে অত্যন্ত আনন্দিত এবং দ্রুত কাজে ফিরতে অপেক্ষা করছি। ভয়েস অব আমেরিকার প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
লেকের অধীনে সংস্থাটি অ্যাব্রামোভিটজকে নর্থ ক্যারোলিনার একটি ছোট শর্টওয়েভ রেডিও কেন্দ্রে বদলি করার চেষ্টা করে এবং তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়। নতুন রায় অনুযায়ী তার পদও পুনর্বহাল হবে যদি রায়টি বহাল থাকে।
লেক বা সংস্থার কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। তবে এর আগে লেক এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন এবং বিচারককে'“অ্যাক্টিভিস্ট' হিসেবে সমালোচনা করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছিল ভয়েস অব আমেরিকা। পরবর্তীতে ঠান্ডা যুদ্ধের সময় এটি যুক্তরাষ্ট্রের 'সফট পাওয়ার'-এর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে বিশেষ করে সেইসব দেশে সংবাদ পৌঁছাতে যেখানে স্বাধীন গণমাধ্যম সীমিত বা অনুপস্থিত।
আদালতের নথি অনুযায়ী, লেকের সংস্কারের আগে ভোয়া প্রতি সপ্তাহে ১০০টির বেশি দেশে ৪৯টি ভাষায় প্রায় ৩৬১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাত। কিন্তু চলতি বছরের শুরুতে তা কমে মাত্র ছয়টি ভাষা সেবায় নেমে আসে।
কারি লেক, যিনি আগে টেলিভিশন সংবাদ উপস্থাপক ছিলেন এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত, ভোয়া-কে আরও 'ট্রাম্পপন্থী' রূপ দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে চুক্তি বাতিল করেন এবং ডানপন্থী ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের (ওএএনএন) সঙ্গে নতুন চুক্তি করেন।
ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ভিত্তিতে লেক সংস্থাটিকে “আইন অনুযায়ী ন্যূনতম কার্যক্রমে সীমিত” করার যুক্তি তুলে ধরেন। তবে বিচারক ল্যামবার্থ বলেন, এই সিদ্ধান্তের পক্ষে যথাযথ বিশ্লেষণ বা যুক্তি উপস্থাপন করা হয়নি।
তবে বিচারক লেককে আংশিক স্বস্তিও দিয়েছেন। তার অধীনে বরখাস্ত হওয়া শতাধিক চুক্তিভিত্তিক কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ তিনি দেননি। তাদের বিষয়টি প্রশাসনিক আদালতে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
এই রায়কে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সরকারি হস্তক্ষেপ নিয়ে চলমান বিতর্কের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি