উত্তরাঞ্চল হবে কৃষি হাব; বরাদ্দ ৩ হাজার কোটি টাকা
বাংলাপ্রেস ডেস্ক: দেশের উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি ফান্ড। সেই ফান্ড থেকে উত্তরাঞ্চলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের কৃষি খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং রুগ্ন ও বন্ধ কলকারখানাসমূহের জন্য সহজ শর্তে এবং পুনর্ভরন পদ্ধতিতে ঋণ প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছে। ‘স্টিমুলাস প্যাকেজ ২০২৬’ নামের ওই প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল।
৫টি প্যাকেজ বাস্তবায়নে গঠন করা হয়েছে এই তহবিল। এগুলো হলো-বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা; সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা।
এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ওই স্কিম থেকে উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা প্রদানের পাশাপাশি উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি প্রদান করবে। ফলে ওই প্যাকেজের আওতায় ঋণ গ্রহণের বিপরীতে উদ্যোক্তাদের প্রকৃত সুদের হার বিদ্যমান বাজারভিত্তিক সুদ অপেক্ষা অর্ধেকেরও কম হবে। যা শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ উৎসাহিত করতে সহায়ক হবে এবং বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বাজেট বক্তৃতায় বলে অর্থমন্ত্রী।
এদিকে, আইসিটি, ডিজিটাল সেবা এবং জ্ঞানভিত্তিক শিল্পকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একই সাথে ক্রিয়েটিভ হাব প্রতিষ্ঠা, ‘এক গ্রাম-এক পণ্য’ উদ্যোগের সূচনা এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে বাজেটে। চলচ্চিত্র, চারুকলা ও থিয়েটার, হেরিটেজ, পর্যটনসহ অন্যান্য সাংস্কৃতিক খাতকে অর্ন্তভুক্ত করে ক্রিয়েটিভ খাতের বিকাশ ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
সঙ্গীত একাডেমি