উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’
পরিবারের সঙ্গে গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: বাড়িতে ঢুকে ‘খুন’ করা হবে সৌরভ গাঙ্গুলিকে। বেশ কয়েক মাস ধরেই এমন ‘হত্যার হুমকি’ পাচ্ছিলেন ভারতের সাবেক অধিনায়ক।
শুধু তিনি নন, তার স্ত্রী ও পরিবারকেও এমন হুমকি দিয়ে চিঠি লেখা হচ্ছে।
শুরুতে বিষয়টা গুরুত্ব না দিলেও একের পর এক চিঠি আসায় এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ। বেহালার বেলপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন সাবেক বিসিসিআই সভাপতি।
জানা গেছে, গত ছয় মাস ধরেই এমন রহস্যময় চিঠি আসছিল।
সাধারণ ভক্তদের চিঠি মনে করে শুরুতেই সেভাবে খুলে দেখা হয়নি। তবে সোমবার আরেকটি চিঠি এলে সৌরভ খুলে পড়তেই ভয়ংকর তথ্য উঠে আসে।পুরো চিঠিটি ইংরেজিতে লেখা। কিন্তু এতটাই ছোট ছোট অক্ষরে তা পড়তে বেশ সমস্যাই হচ্ছিল।
তবে কড়া ভাষায় লেখা সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির ক্ষতি করা হবে। বলা হয়, বাড়িতে ঢুকে ‘খুন’ করা হবে। এমনকি সৌরভের ঘনিষ্ঠরাও রক্ষা পাবেন না! চিঠি পাওয়ার পরেই সাবেক ওপেনারের পক্ষে পুলিশের সঙ্গে যোগাযোগ করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার করে এই চিঠিগুলো পাঠাতেন।
কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগও করেছে পুলিশ। তবে কেন এমন হুমকি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি