
বাংলাপ্রেস ডেস্ক: তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক করছে তাদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার। রেল ক্রস করতে যেয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে সেটার দায়িত্ব রেলওয়ে নিবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জয়দেবপুর থেকে টঙ্গী ১২ কিলোমিটার ডাবল রেললাইন চালু করা হবে। এছাড়াও রেলের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। রেলের জনবলের ৪৭ হাজারের মধ্যে ২৫ হাজার ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ নিয়োগ কার্যকর করা হবে।
এ সময় রেলমন্ত্রী সঙ্গে আরও ছিলেন, এই প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলামসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]