ট্রাম্পের শুল্ক লুকোচুরি খেলায় বিশ্ব নেতারা অস্থির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে একের পর এক নতুন আইন জারি করায় অস্থির হয়ে পড়েছে বিশ্ব নেতারা। কয়েকদিন ধরে শুল্ক লুকোচুরি খেলায় মেতে উঠেছেন কলম্বিয়া, কানাডা ও মেক্সিকো সঙ্গে। শেষে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রেখেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কানাডা ও মেক্সিকোর অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প।
প্রতিবেদনে রয়টার্স জানায়, অবৈধ মাদক যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে তৎপরতা বৃদ্ধি করতে মেক্সিকোকে শর্ত দিয়েছেন ট্রাম্প। সেই শর্ত অনুযায়ী সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে মেক্সিকো। এই শর্তে তাদের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রতিক্রিয়ায় পাল্টা ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করে কানাডা। এতে নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সোমবার দুই দফায় কানাডার প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করে শুল্কারোপ স্থগিত করেন তিনি।
এছাড়া শুল্ক ইস্যু ছাড়াও ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কাছে সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য একাধিক প্রতিশ্রুতি চেয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, তারা সীমান্তে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবেন। পাশাপাশি ফেন্টানাইল (মাদক) চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকাকে সহায়তা করবে।
শুল্ক আরোপ স্থগিতের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, প্রেসিডেন্ট হিসাবে সব মার্কিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও আমি ঠিক সেটাই করছি। প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।
তবে চীনের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।
এর আগে অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক বিমান নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার ওপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে।
সম্প্রতি এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে। কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে কলম্বিয়ায় ফেরা সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়া ফেরানোর বিষয়টিও রয়েছে।
ট্রাম্প ও পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় রোববার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি সামরিক বিমান কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণের নিষেধাজ্ঞাও। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে দিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়।
এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)-এর নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানে ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার এ অভিযান পরিচালনা করা হয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, যেমন শিকাগো, নিউয়ার্ক (নিউজার্সি) ও মিয়ামিতে পরিচালিত এই অভিযানে সম্প্রসারিত ক্ষমতাসম্পন্ন একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি