৬ মে ২০২৬

ট্রাম্পের পায়ে ফোলাভাব, হাতে কালশিটে দাগ, শিরাজনিত সমস্যা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ট্রাম্পের পায়ে ফোলাভাব, হাতে কালশিটে দাগ, শিরাজনিত সমস্যা শনাক্ত
  বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা ধরা পড়েছে, যা বিপজ্জনক নয়। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের পায়ে ফোলাভাব ও হাতে আঘাতের দাগ নিয়ে নানা গুঞ্জনের পর এ তথ্য প্রকাশ করা হলো। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ব্যক্তি তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ শনাক্ত হয়েছে। লেভিট বলেন, ট্রাম্পের ডান হাতে দেখা দেওয়া বিবর্ণতার কারণ হলো ঘন ঘন করমর্দনের ফলে টিস্যুতে জ্বালা এবং হৃদ্‌রোগ প্রতিরোধে ব্যবহৃত নিয়মিত চিকিৎসা পদ্ধতির অংশ হিসেবে অ্যাসপিরিন সেবন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, এ শারীরিক পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প এখনো ‘চমৎকার’ স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই নিজের স্বাস্থ্য ও দারুণ উদ্যমের কথা জোর গলায় বলে থাকেন। সম্প্রতি তাঁর প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক ছবিতে তাঁকে সুপারম্যান রূপে উপস্থাপন করা হয়। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন। তিনি গত জানুয়ারিতে যখন ক্ষমতা ছাড়েন, তখন তাঁর বয়স ছিল ৮২ বছর। ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের মানসিক ও শারীরিক দুর্বলতা ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। কিছুদিন আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্প বলেছিলেন, তিনি ‘খুব ভালো শারীরিক অবস্থায়’ আছেন। তবে এখন তাঁকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ফুলে থাকা গোড়ালি ও হাতে আঘাতের দাগ অনেকের নজরে আসে। তাঁর ডান হাতে যে দাগ দেখা গেছে, তা মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা চলছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প নিজেই তাঁর পায়ে নিচের অংশে হালকা ফোলাভাব লক্ষ করেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পরীক্ষা করেন হোয়াইট হাউসের চিকিৎসকেরা। আলট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, ট্রাম্পের সমস্যা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এটি বয়সজনিত একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ সমস্যা দেখা যায়, যা সাধারণত বিপজ্জনক নয়। এ সমস্যায় পায়ের কিছু শিরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। লেভিট বলেন, স্বচ্ছতার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তাঁকে বিষয়টি সবাইকে জানাতে বলেছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি