স্টেট অব দ্য ইউনিয়ন
ট্রাম্পের বক্তব্যের সময় গ্রেপ্তার বাংলাদেশির মুক্তি, ঘটনায় তদন্ত দাবি প্রতিনিধি ইলহান ওমরের
বাংলাদেশি-আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমান
নোমান সাবিত: স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে দাঁড়িয়ে থাকার পর তাঁর আমন্ত্রিত বাংলাদেশি অতিথিকে গ্রেপ্তারের ঘটনায় তদন্ত দাবি করেছেন মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমর।
ওমর বুধবার জানান, তাঁর অতিথি মিনিয়াপোলিসের বাসিন্দা বাংলাদেশি আলিয়া রহমান প্রেসিডেন্টের ভাষণের সময় গ্যালারিতে স্বল্প সময় নীরবে দাঁড়িয়ে ছিলেন, যে সময় অন্য অনেক অতিথিও দাঁড়িয়ে ছিলেন। পরে ক্যাপিটল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর রহমানের বিরুদ্ধে অবৈধ আচরণের অভিযোগ আনা হয়, ওমরের দপ্তর জানিয়েছে, বুধবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
বাংলাদেশি-আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী ও মার্কিন নাগরিক রহমানকে জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিবাসন কর্মকর্তারা গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে আটক করেছিলেন। একটি কংগ্রেসীয় ফোরামে তিনি জানান, ওই ঘটনার সময় তিনি আহত হন এবং এখন তার হাত পুরোপুরি ব্যবহার করতে পারেন না। বুধবার ওমর বলেন, আহত কাঁধের বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করার পরও হাউস গ্যালারি থেকে রহমানকে 'জোরপূর্বক সরিয়ে নেওয়া' হয়।
ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানায়, স্টেট অব দ্য ইউনিয়নের টিকিটে স্পষ্ট উল্লেখ থাকে যে বিক্ষোভ নিষিদ্ধ। পুলিশের দাবি, রাত ১০টা ৭ মিনিটের দিকে রহমান 'বিক্ষোভমূলক আচরণ' শুরু করেন এবং বসতে একাধিক অনুরোধ উপেক্ষা করেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়, 'কংগ্রেস ভবনে কার্যক্রম ব্যাহত করা বা বিক্ষোভ করা আইনত নিষিদ্ধ।'
তবে ওমর অভিযোগ করেন, রহমানকে 'আক্রমণাত্মকভাবে' সামলানো হয় এবং পরে চিকিৎসা সেবার জন্য হস্তক্ষেপ করা হয়। মস্তিষ্কে আঘাতজনিত জটিলতা থেকে বেঁচে থাকা রহমানকে চিকিৎসার জন্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে ক্যাপিটল পুলিশ সদর দপ্তরে নিয়ে প্রক্রিয়াকরণ করা হয় বলে জানান ওমর।
ওমর বলেন, এ'কজন শান্তিপূর্ণ অতিথির বিরুদ্ধে এমন কঠোর প্রতিক্রিয়া আমাদের গণতন্ত্রের অবস্থান নিয়ে উদ্বেগজনক বার্তা দেয়। কেন এই গ্রেপ্তার ঘটল তার পূর্ণ ব্যাখ্যা আমি চাই।'
বুধবার সংবাদমাধ্যম 'ডেমোক্রেসি নাউ!'-কে দেওয়া সাক্ষাৎকারে রহমান বলেন, গ্রেপ্তারের সময় তিনি কোনো মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, সাইন বা শব্দ করেননি।
তিনি বলেন, স্টেট অব দ্য ইউনিয়নে আপনি কেবল দুইটি কাজ করতে পারেন বসা বা দাঁড়ানো। সারা রাত বহু মানুষ দাঁড়িয়েছিলেন, আমিও দাঁড়িয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম যখন আমার শহরের মানুষের সম্পর্কে একজন নেতার মুখে সবচেয়ে বর্ণবাদী কথাগুলোর কিছু শুনেছিলাম।
জানুয়ারিতে মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের হাতে রহমানকে গাড়ি থেকে টেনে বের করার ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার পর মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান নিয়ে সমালোচনা বাড়ে; অভিযানের প্রেক্ষাপটে দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি ও রেনে গুড নিহত হন।
চলতি মাসের শুরুতে রহমানসহ কয়েকজন মার্কিন নাগরিক কংগ্রেস নেতাদের সামনে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের কঠোর কৌশল নিয়ে সাক্ষ্য দেন। রহমান জানান, ১৩ জানুয়ারি চিকিৎসকের কাছে যাওয়ার পথে তিনি আইসিই যানবাহনের যানজটে আটকে পড়েন। কর্মকর্তারা তাকে গাড়ি সরাতে বলার পর জানালা ভেঙে তাকে টেনে বের করে আটক করেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, 'আমি চিৎকার করে বলেছিলাম, ‘আমি প্রতিবন্ধী।’ আর কর্মকর্তা বলেছিলেন, ‘অনেক দেরি হয়ে গেছে।’
মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প প্রশাসনের অভিবাসন প্রয়োগ কার্যক্রমের প্রশংসা করলেও প্রেটি ও গুডের মৃত্যু কিংবা অভিযানে ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের প্রসঙ্গ উল্লেখ করেননি।
এদিকে, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইলহান ওমর ও মিশিগানের প্রতিনিধি রাশিদা তলাইব প্রকাশ্যে প্রতিবাদ জানান এবং প্রেটি ও গুডের মৃত্যু ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কিছু অভিযানের ঘটনায় জবাবদিহি দাবি করেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি