১.৫ বিলিয়ন ডলারের শেয়ার লেনদেন
ট্রাম্পের বিরুদ্ধে ‘স্তম্ভিত করা দুর্নীতির’ অভিযোগ করলেন সিনেটর মারফি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি
নোমান সাবিত: কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সোমবার এমন এক অস্বাভাবিক বড় শেয়ার লেনদেনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণার কয়েক মিনিট আগে ঘটে। তার মতে, ঘটনাটি ইনসাইডার ট্রেডিংয়ের ইঙ্গিত দিতে পারে।
মারফি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে উল্লেখ করেন, একটি লেনদেনে ১.৫ বিলিয়ন ডলারের এসঅ্যান্ডপি ৫০০ (ইএস) ফিউচার কেনা হয়েছে এবং একই সময়ে ১৯২ মিলিয়ন ডলারের তেলের (সিএল) ফিউচার বিক্রি করা হয়েছে।
তিনি নিজ পোস্টে লেখেন, '১.৫ বিলিয়ন ডলার—আবার বলছি, ১.৫ বিলিয়ন ডলারের বাজি। ওই সময়ের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় ফিউচার কেনা। ট্রাম্পের পোস্টের মাত্র পাঁচ মিনিট আগে।'
মারফি প্রশ্ন তোলেন, এটি করেছে কে? ট্রাম্প নিজে? পরিবারের কেউ? নাকি হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা? এটি দুর্নীতি স্তম্ভিত করে দেওয়ার মতো দুর্নীতি।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা ৪৯ থেকে ৬টা ৫১ মিনিটের মধ্যে অন্তত ৬ মিলিয়ন ব্যারেল ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল বিক্রি হয়। এর কিছুক্ষণ পর, সকাল ৭টা ৫ মিনিটে ট্রাম্প তার ঘোষণা দেন।
এছাড়া জার্মানির ডিএএক্স ইনডেক্স ফিউচার ও ইউরো স্টক্স ৫০ ইনডেক্স ফিউচারসহ আন্তর্জাতিক বাজারেও অস্বাভাবিক লেনদেন বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসোলিনের দাম বাড়ছিল। তবে ট্রাম্পের সোমবারের ঘোষণার পর দাম দ্রুত কমে যায়।
মারফির এই মন্তব্য আইনপ্রণেতাদের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগকে সামনে আনে—রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে লাভজনক লেনদেন করছেন কি না।
এর আগে, হাউস অ্যাডমিনিস্ট্রেশন কমিটির চেয়ার ব্রায়ান স্টাইল (রিপাবলিকান, উইসকনসিন) কংগ্রেস সদস্যদের নতুন শেয়ার কেনা নিষিদ্ধ করার প্রস্তাব দেন, যদিও বিদ্যমান শেয়ার রাখার অনুমতি থাকবে। পাশাপাশি, শেয়ার বিক্রির কমপক্ষে সাত দিন আগে প্রকাশ্যে নোটিশ দেওয়ার বিধান রাখার কথাও বলা হয়।
গত বছর, রিপাবলিকান প্রতিনিধি চিপ রয় (টেক্সাস) এবং ডেমোক্র্যাট প্রতিনিধি সেথ ম্যাগাজিনার (রোড আইল্যান্ড) একটি বিল উত্থাপন করেন, যাতে আইনপ্রণেতা, তাদের জীবনসঙ্গী, নির্ভরশীল সন্তান এবং ট্রাস্টিদের ব্যক্তিগত শেয়ার মালিকানা, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার প্রস্তাব ছিল।
ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ বিষয়ে আইন পাসের আহ্বান জানিয়েছিলেন।
এদিকে, কালশি ও পলিমার্কেট জানিয়েছে, তারা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট রাজনৈতিক ও ক্রীড়া বাজারে লেনদেন থেকে আগাম বিরত রাখা হবে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি