তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে রোববার : ইসি সচিব
বাংলাপ্রেস অনলাইন: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিধিমালা এবং তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার (৪ নভেম্বর)। ৩ নভেম্বর শনিবার রাতে নির্বাচন কমিশন বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, শনিবারের সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধিমালা অনুমোদন হয়েছে। এক্ষেত্রে প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে ডাউনলোড করে স্বাক্ষর করবেন। এরপর তা পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইলে মেসেজ বা ই-মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আজকের বৈঠকটি রোববার (৪ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত মূলতবি ঘোষণা করা হয়েছে। সেখানে ইভিএম ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করা হবে।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে ইসি সচিব বলেন, রোববার বিকেল চারটায় একটি বৈঠক করে আলোচনা করা হবে। এখানে ভোটের তারিখ নয়, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তফসিল নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হবে। আশাকরি, এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। ৭৫টি দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। ভোটার তালিকা প্রস্তুত করে প্রার্থীদের জন্য সিডিও প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি