তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল এক মাস পেছানোর দাবি নিয়ে আলোচনা করতে আজ বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতে তাদের ওই দাবির সঙ্গে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, সারা দেশে গায়েবি মামলা, গ্রেফতার-হয়রানি ছাড়াও ইভিএম ব্যবহার না করার বিষয়ে আলোচনা করবেন নেতারা। মঙ্গলবার রাতে অভিযোগ ও দাবির একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি অবহিত করার জন্য মঙ্গলবার দুপুরে একটি চিঠি নিয়ে ফ্রন্টের নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নির্বাচন কমিশনে যান। চিঠিতে নির্বাচনের বিবিধ বিষয়ে আলোচনা করার জন্য বুধবার সময় চান তারা। জানা গেছে, আজ বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের সময় দিয়েছেন।
এদিকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে আগামী শুক্রবার জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ নেতারা এ মতবিনিময়সভায় উপস্থিত থাকবেন। পরে ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন ফ্রন্ট নেতারা। তবে এ মতবিনিময়সভার দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া মঙ্গলবার নির্বাচনী ইশতেহার তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ ও ঐক্যফ্রন্টের ১১ লক্ষ্য সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে এ কমিটি। ওই বৈঠকে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচনী ইশতেহার তৈরির কমিটিতে বিএনপি থেকে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিকউল্লাহ, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক-শ্রমিক-জনতা লীগের ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ-উর রহমান রয়েছেন। আর এই কমিটির মূল দায়িত্বে থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় নির্বাচন এক মাস পিছিয়ে দেয়া অত্যন্ত জরুরি।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি