তেল আবিবে মার্কিন দূতাবাসে অগ্নিবোমা হামলার চেষ্টা: নিউ ইয়র্কে এক ব্যক্তি গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: ইসরায়েলের তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে আগুন লাগানোর চেষ্টা করার অভিযোগে এক মার্কিন নাগরিককে রবিবার গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, অভিযুক্ত জোসেফ নিউমেয়ার, যিনি যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক, তাকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি ইসরায়েল থেকে বহিষ্কৃত হয়ে পৌঁছেছিলেন।
অভিযোগপত্র অনুযায়ী, ২৮ বছর বয়সী নিউমেয়ার চলতি বছরের এপ্রিল মাসে ইসরায়েলে প্রবেশ করেন। কিন্তু ১৯ মে তিনি একটি কালো ব্যাকপ্যাক নিয়ে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে যান।
খবরে বলা হয়েছে, কলোরাডোর বাসিন্দা নিউমেয়ার দূতাবাসের এক প্রহরীর ওপর থুথু ছুঁড়ে দেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করতে করতে সামনে এগিয়ে যান। একজন প্রহরী তাকে আটকানোর চেষ্টা করলে তিনি দৌড়ে পালান, এবং এ সময় ব্যাকপ্যাকটি ফেলে যান।
ডিওজে জানায়, 'ব্যাকপ্যাকটি তল্লাশি করে তিনটি প্রাথমিক ধরনের আগুন লাগানোর ডিভাইস (মলোটভ ককটেল) পাওয়া যায়, যেগুলোর মধ্যে দাহ্য তরলের উপস্থিতি ছিল।'
পরবর্তীতে নিউমেয়ারকে দূতাবাস থেকে মাত্র পাঁচ ব্লক দূরে একটি হোটেল কক্ষে আটক করা হয়। তদন্তে দেখা যায়, ওই দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, আমার সঙ্গে যোগ দিন তেল আবিবে দূতাবাস পুড়িয়ে দিতে। আমেরিকার মৃত্যু হোক, আমেরিকানদের মৃত্যু হোক, আর পশ্চিমা বিশ্ব ধ্বংস হোক।'
তার আরও কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি এবং ইলন মাস্ককে লক্ষ্য করে হুমকিও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, 'এই ব্যক্তি ইসরায়েলে আমাদের দূতাবাসে বিধ্বংসী হামলার পরিকল্পনা করেছিল, আমেরিকানদের ও প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত্যুর হুমকি দিয়েছে। বিচার বিভাগ এ ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্য করবে না এবং অভিযুক্তকে কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে।'
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, 'এই ঘৃণ্য ও সহিংস আচরণ দেশে বা বিদেশে কোথাও বরদাস্ত করা হবে না। এফবিআই আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করে এই ব্যক্তিকে আইনের মুখোমুখি করবে।'
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্ক জেলার অ্যাটর্নি জোসেফ নোসেলা বলেন, 'তেল আবিবে মার্কিন দূতাবাসে বিশৃঙ্খলা ও ধ্বংস সৃষ্টি করাই ছিল তার উদ্দেশ্য। তার গ্রেপ্তার ও বিচারের পদক্ষেপ স্পষ্টভাবে দেখায় যে যুক্তরাষ্ট্রের স্বার্থে দেশ বা বিদেশে সংঘটিত সহিংসতা বরদাস্ত করা হবে না।'
নিউমেয়ার দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানাও হতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি