তারেককে ফেরাতে বন্দি বিনিময় নিয়ে ঢাকা-লন্ডন আলোচনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, ‘তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্য অবস্থা করছে। আইনানুগভাবে দুই দেশের মধ্য বন্দি বিনিময়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
এছাড়াও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশকে সহায়তার প্রস্তাবও দিয়েছে যুক্তরাজ্য। পররাষ্ট্র সচিব বলেন, ‘নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাজ্যকে প্রস্তাব দেয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে যুক্তরাজ্য, প্রয়োজনে এ কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে।’
সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আর লন্ডনের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।
এরআগে, সংলাপে যোগ দিতে সোমবারে ঢাকায় পৌঁছান ফিলিপ বার্টান।
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলার মধ্যে এখন পর্যন্ত চারটিতে তাঁর সাজা হয়েছে। এরমধ্যে অর্থ পাচারের একটি মামলায় ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে তিনি খালাস পেলেও পরে উচ্চ আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেয়। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মা খালেদা জিয়ার সাথে তারও সাজা হয়। তারেককে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড।
একই বছরের অক্টোবরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার কয়েকটি ধারায় তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে বিস্ফোরক আইনের আরেকটি ধারায় তার ২০ বছর কারাদণ্ডাদেশ হয়।
সবশেষ গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই মামলায় তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সরকার অনেক দিন ধরেই তাকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের চেষ্টা করছে। তবে দেশটিতে তিনি রাজনৈতিক আশ্রয়ে থাকায় তা সম্ভব হয়নি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি