তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাব : ওবায়দুল কাদের
রাজনীতি ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বক্তব্যে আছে তারেক রহমানের নির্দেশেই তারা সেদিন হামলা চালিয়েছিল। হত্যাকাণ্ডের যেমন বিচার হয়েছে, হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডেরও এমন বিচার হতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট আজকের এই দিনে তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসীদের দিয়ে রক্তস্রোত বয়ে দিয়েছিল বিএনপি-জামায়াত সরকার। ১৫ আগস্টের পর ২১ আগস্ট, ইতিহাসের এ দুটি ঘটনা একই সূত্রে গাঁথা। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে কর্ম সম্পর্ক থাকা দরকার আমি মনে করি, একুশে আগস্টের মধ্য দিয়ে তা চিরদিনের জন্য শেষ হয়ে গেছে।
তিনি বলেন, এর পরও খালেদা জিয়াকে ৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। এর পরও আমাদের নেত্রী শেখ হাসিনা পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন। কী দুর্ব্যবহার প্রধানমন্ত্রীর সঙ্গে করা হয়েছে! বাংলার মানুষ জানে। সেদিন প্রধানমন্ত্রীর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সংলাপের রাস্তায় বন্ধ করে দিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, একুশে আগস্টের হত্যাকাণ্ডের বিচার আদালতে হয়েছে। এখন পেপারবুক তৈরি হচ্ছে, এর পর ডেথ রেফারেন্সের শুনানি হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্ম সম্পর্কে ওদের কথা যারা বলে, আমি বলব, এর জন্য দায়ী বিএনপিই। ১৫ আগস্ট রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে যেটা তারা তৈরি করেছে, তা ভুলে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না।
এর আগে বেদিতে তার নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার পর জোট শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদসহ অন্যান্য দল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি