সুযোগ মিললে ফের ‘দেবদাস’ হতে চান শাকিব
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে তার অভিনয় নিয়ে সেই সময় বেশ আলোচনা হয়েছিল।
তবে ব্যস্ততার কারণে চরিত্রটিতে নিজের সর্বোচ্চটা দিতে পারেননি বলে মনে করেন শাকিব। তাই সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি চ্যানেল আইয়ের এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে নিজের এই ইচ্ছার কথা জানান শাকিব খান।
সাক্ষাৎকারে শাকিব বলেন, “‘দেবদাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই ভাগ্যের ব্যাপার।
ওই সময় আমি অনেক ব্যস্ত ছিলাম। একসঙ্গে অনেক সিনেমা করতাম। এখন এসে মনে হয়, সুযোগ পেলে আবার ‘দেবদাস’ করতে চাই। এই চরিত্রটি এত সুন্দর যে কোনো শিল্পীরই মন ভরে না।
নিজের আগের কাজ নিয়ে আত্মসমালোচনাও করেছেন শাকিব। তিনি জানান, বর্তমানে যেভাবে সময় নিয়ে প্রতিটি সিনেমায় কাজ করেন, ‘দেবদাস’ করার সময়ও যদি তেমন সময় দিতে পারতেন, তাহলে চরিত্রটি আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
বাংলা ও হিন্দি সিনেমায় ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ ও শাহরুখ খানের সঙ্গে নিজের অভিনয়ের তুলনা নিয়েও অকপট ছিলেন শাকিব। জনপ্রিয় দুই অভিনেতার অভিনীত দেবদাসের পাশে নিজের চরিত্রায়নকে তুলনামূলকভাবে পিছিয়েই রাখেন তিনি।
তবে পর্দায় বিরহী ‘দেবদাস’ হলেও বাস্তব জীবনে তিনি তেমন নন—এমন প্রশ্নের মুখে হাসতে হাসতে শাকিব বলেন, ‘না না, আমি ব্যক্তিজীবনে খুব সুন্দরভাবে বাঁচতে ভালোবাসি।
হাসি-আনন্দে দিন কাটাতে চাই।’
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’-এ শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। আর চন্দ্রমুখীর ভূমিকায় দেখা গিয়েছিল মৌসুমীকে।
এদিকে ভবিষ্যতে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের সুযোগ এলে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান—এমন প্রশ্নও করা হয় শাকিবকে। তবে এ বিষয়ে কোনো নাম উল্লেখ না করে নায়ক বলেন, ‘সেসব উত্তর সময়ই বলে দেবে।’
আলাপচারিতায় অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়েও কথা বলেন শাকিব। এক পর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনে অনেক ভুল করেছেন।
শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’
এসব ভুল কেন হয়েছিল—জানতে চাইলে শাকিব বলেন, ‘ওই যে, কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরো স্মুথ হতে পারত। আসলে ভুল তো প্রত্যেক মানুষেরই হয়।’
অতীতের সেই ভুলগুলো নিয়ে কখনো কখনো ভাবনায় ডুবে যান বলেও জানান এই অভিনেতা। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় এসব বিষয় তাকে কষ্ট দেয়। অভিনেতার ভাষ্যে, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনাও নেই।’
আলাপচারিতার এক পর্যায়ে শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করা হয়। তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে জানতে চাইলে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
তাদের সঙ্গে দেখা হলে কোনো পরামর্শ দেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব জানান, মাঝে মাঝে তাদের সতর্ক করেন। এরপর বললেন, ‘আমি তো বলি, এরপর তারা কী করবেন বা বলবেন, সেটা তো তাদের ব্যাপার।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটিকে ঘিরে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি