২৭ আগস্ট ২০২৬

শ্রমিক নেতা বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও থানা ঘেরাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
শ্রমিক নেতা বাদশার গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও থানা ঘেরাও

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাও ও শহরের প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করেছে পরিবহন শ্রমিকরা। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গ্রেপ্তার ও অভিযোগ:

ডিবি পুলিশের একটি দল গত রাতে (৯:৩০ মি.) শহরের মহারাজ বটতলা (রাজারহাট) এলাকা থেকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের সাবেক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী গণআন্দোলনের ঘটনায় গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে দায়ের করা একটি মামলায় বাদশা এজাহারনামীয় আসামি।

তবে শ্রমিকদের দাবি, আসন্ন নির্বাচনে বাদশাকে প্রতিযোগিতা থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অভিযোগ, পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন এবং কিছু বিএনপি কর্মী পুলিশের ওপর চাপ সৃষ্টি করে এই গ্রেপ্তার করিয়েছে।

সড়ক অবরোধ ও থানা ঘেরাও:

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকাল ৭টা থেকে শ্রমিকরা শহরের প্রধান চারটি প্রবেশদ্বার—সরকারি কলেজ মোড়, মহারাজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুবাডাঙ্গা মোড়ে বাস-ট্রাক আড় করে দিয়ে সড়ক অবরুদ্ধ করে।

একই সাথে শতাধিক পরিবহন শ্রমিক কোতোয়ালী থানার প্রধান ফটকের সামনে বাস পার্কিং করে থানার প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বাদশার স্ত্রীও এই আন্দোলনে যোগ দেন। তিনি অভিযোগ করেন, গত রাতে থানায় গেলে স্বামীর প্রতিপক্ষ ও কিছু বিএনপি কর্মী তাকে লাঞ্ছিত করে।

জনভোগান্তি ও পুলিশের বক্তব্য:

হঠাৎ এই ধর্মঘট ও সড়ক অবরোধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শহরবাসী ও যাত্রীরা। কয়েকদিন আগেও অন্য এক শ্রমিক নেতার মুক্তির দাবিতে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় একই ধরনের অবরোধ চলেছিল বলে জানান স্থানীয়রা।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, "গ্রেপ্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আসামিকে আদালতে পাঠানো হবে।'

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি