‘শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:‘শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে এলমাকে আঘাত করা হয়নি। এমন নিষ্ঠুর টর্চার করে এলমাকে হত্যা করা হয়েছে।’
রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে একথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুর রহমান। এলমার স্বামী অভিযুক্ত ইফতেখারের নির্যাতনের চিত্র এভাবেই তুলে ধরেন আইনজীবী।
শুনানি শেষে আদালত ইফতেখারের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লা তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। এরপর আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি চতুরতার সাথে ঘটনার নানা বিষয় গোপন করেছে। পলাতক অন্য দুই আসামির বিষয়টি ইফতেখার সুকৌশলে এড়িয়ে যায়।
আবেদনে আরও বলা হয়, মামলাটি সারাদেশে ব্যাপক আলোচিত। আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করলে অন্য দুই আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব। এজন্য আবারও তার ৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
প্রথমে বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘এ মামলার ভিকটিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আসামিরা ভিকটিমকে পড়াশোনা বন্ধ করতে বলে। তিনি সেটি না করায় প্রথমে তার চুল কেটে দেয়া হয়। তারপরও ভিকটিম পড়ালেখা চালিয়ে যায়। এরপর আসামি কানাডা থেকে আসে। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে। কে, কীভাবে হত্যা করেছে তা জানার জন্য আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি।
এরপর রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউর মো. শামসুর রহমান বলেন, ‘শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে এলমাকে আঘাত করা হয়নি। এমন টর্চার করে এলমাকে হত্যা করা হয়েছে।’
আসামির পক্ষে অ্যাডভোকেট জিল্লুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এ আসামি তিন দিনের রিমান্ডে ছিল। আবার তার রিমান্ড আবেদন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর আসামি কানাডা থেকে দেশে আসে। ঘটনার দিন ১৪ ডিসেম্বর শাশুড়িকে ফোনে এলমার অসুস্থতার বিষয়টি জানায়। আসামি যদি তার স্ত্রীকে মেরে ফেলতো তাহলে কি তাকে হাসপাতালে নিয়ে যেত? এমন কিছু করলে তো সে লাশ ফেলে পালিয়ে যেত।’
অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখেছেন রুমের দরজা ভেঙে তাকে বের করা হয়েছে। আসামি যদি তাকে হত্যা করতো তাহলে তো দরজা ভেতর থেকে আটকালো কে? আর আসামি ১৫ তারিখ থেকে পুলিশ কাস্টডিতে। এ অবস্থায় তার বাবা-মা কোথায় কীভাবে জানবে? হাজার বার মারলেও সে কিছু বলতে পারবে না। হয়রানি, নির্যাতন করার জন্য আবার তার রিমান্ড আবেদন করা হয়েছে। ইফতেখার তার স্ত্রীকে বিদেশে নিতে সাত লাখ টাকা দিয়েছে। স্ত্রীকে বিদেশে নিয়ে যেতেই সে দেশে এসেছে। স্ত্রীকে হত্যা করেনি বরং সে আত্মহত্যা করেছে। এ অবস্থায় রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করছি।’
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘ভিকটিম তার কাস্টডিতে ছিল। সে কীভাবে মারা গেলো তা আসামি কেন জানে না? এমনকি বাড়িতে কী ঘটেছে তারা নাকি কিছুই জানে না। আসামিরা তাকে হত্যা করেছে। এ অবস্থায় আসামির রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইফতেখারের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি