
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের পরেই অভিবাসীদের জন্য কাজ শুরু করবেন। শপথের পরের সপ্তাহেই ট্রাম্প আমলে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে আভাস পাওয়া গেছে।গত মাসেই তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউজে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। এখন বাইডেন নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ছাড়া যেসব শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের নীতির অধীনে অভিবাসী মর্যাদা দেয়ার কথা বলেছেন বাইডেন।
২০১৭ সালে দায়িত্ব গ্রহণের কিছু দিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে মুসলিম নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুবই সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টো দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে।
গত মাসেই বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করবো। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাবো।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]