৪ মে ২০২৬

সৌদি আরবে আটকা পড়লেন মুশফিকুর রহিম, চাইলেন দোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম
সৌদি আরবে আটকা পড়লেন মুশফিকুর রহিম, চাইলেন দোয়া

 

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আকাশপথে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

এমন পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আরও হাজারো যাত্রীর সঙ্গে তিনি এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম নিজেই এই বিপত্তির কথা জানিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে মুশফিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরও লিখেছেন, ‘বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।’

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতিমধ্যে ওই অঞ্চলের সব গন্তব্যে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। শুধু বিমান বাংলাদেশ নয়, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলোও নিরাপত্তার খাতিরে তাদের রুট পরিবর্তন করছে অথবা ফ্লাইট বাতিল করছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জর্ডান, ইরাক ও লেবাননের আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি