সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
বাংলাপ্রেস ডেস্ক:সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আগামীকালের মধ্যে সরকার এ বিষয়ে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি নির্বাচনি জনসভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছে। অথচ, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সরকার গঠনের পর তারা ইউটার্ন নিয়েছে।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ যেখানে গণভোটের পক্ষে রায় দিয়েছেন, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি জনগণকে অপমান করেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি, যা নিয়ে জোটের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
হামিদুর রহমান আরও বলেন, সরকার যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ব্যবস্থা না নেয়, তাহলে বিরোধী দলগুলো রাজপথে নামতে বাধ্য হবে। এ বিষয়ে শিগগিরই জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
তিনি জানান, জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। জনগণের রায়ে এটি আইনি স্বীকৃতি পেয়েছে, তাই সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি