বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে মো. মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবক দোষ স্বীকার করলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাকে এই দণ্ড দেন। অভিযুক্ত যুবক ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দেন।এ পরিচয় ব্যবহার করে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকি দিয়ে আসছিলেন তিনি। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকি দেন।
উপজেলা প্রশাসন আরো জানায়, সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।পরে আদালত তাকে দণ্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকার অর্থদণ্ড করে জেলহাজতে পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দেওয়াসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি দোষ স্বীকার করায় তাকে আইনগতভাবে আদালত বসিয়ে কারাগারে পাঠানো হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক সালমান খোরশেদ কালের কণ্ঠকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগরে কোনো কমিটিই দেওয়া হয়নি কখনো। সুতরাং আহ্বায়ক থাকার প্রশ্নই আসে না।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]