সমাজের কেউ বাদ থাকবে না, সবার উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে , সমাজের কেউ বাদ থাকবে না, সবার উন্নয়ন হবে।
শুক্রবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ। এ দেশে কেউ ভিক্ষুক থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না। একটি মানুষও যাতে অভুক্ত না থাকে সে লক্ষ্যেই আমরা কাজ করছি। একটি মানুষও গৃহহীন থাকবে না। যাদের ঘর নেই, তাদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে। সমাজের কেউ বাদ থাকবে না। সবার উন্নয়ন হবে।’
গত ১০ বছরে দেশে দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে কমে ২১ ভাগে নেমে এসেছে জানিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সাহায্য চাই। আগে যেভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে এই দারিদ্র্যের হার আমরা আরও কমিয়ে আনতে পারি। আপনারাই আমাদের শক্তি।’
তিনি বলেন, ‘আজকে আপনাদের সকলের হাতে হাতে মোবাইল। এই মোবাইল বিএনপি সরকারের আমলে ছিল না। ছিয়ানব্বই সালে আমরা সরকারে আসার পর এই মোবাইল আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’
আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করে রেকর্ড সৃষ্টি করেছে একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ৯৬ ভাগ মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে।’ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে, আর আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি