সিসি ক্যামেরার ফুটেজে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর জজ কোর্টের সিসি ক্যামেরার ফুটেজ ধরে চুরি হওয়া মোটরসাইকেলসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই ব্যক্তির সহযোগী মোটরসাইকেল চুরি চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- মোট তিনটি ছিনতাই হওয়া মোটরসাইকেল। ১৭ অক্টোবর বৃহস্পতিবার ফরিদপুর কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি হলেন- চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের ইলিয়াস ব্যাপারি (২৫) ও জহির রায়হান (২৪) ও ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের ছোনেরট্যাক গ্রামের বাদশা ফকির (৩৮)।
এর মধ্যে গ্রেফতার হওয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের ইলিয়াস ব্যাপারি দুই চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি। ফরিদপুরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল দুই মাস আগে এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় ইলিয়াস ব্যাপারি পলাতক ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গত ১০ অক্টোবর দুপুর ১টা ১০ মিনিটে ফরিদপুর জজকোর্ট চত্বর থেকে ১২৫ সিসি ডিসকভার নামে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে ওই মোটরসাইকেলের মালিক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় গত ১৩ অক্টোবর একটি চুরির মামলা করেন।
ওই মামলার তদন্তে জজ কোর্ট হতে সংগৃহীত সিসি ক্যামেরার ফুটেজ ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে ইলিয়াস ব্যাপারি ও বাদশা ফকিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বুধবার সকাল সাড়ে ১০টার সময় চরভদ্রাসনের চরশালেপুর এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী চরশালেপুরের আফজলের বাড়ি হতে জজ কোর্ট এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলের সঙ্গে নীল ও কালো রঙের ১২৫ সিসি ডিসকভারি নামে আরও দুটি চোরাই মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি