১২ আগস্ট ২০২৬

শেখ হাসিনার ভীষণ নিষ্ঠুরতার কথা জানালেন তসলিমা নাসরিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শেখ হাসিনার ভীষণ নিষ্ঠুরতার কথা জানালেন তসলিমা নাসরিন
নিজস্ব প্রতিবেদক:  পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। শেখ হাসিনা ভীষণ নিষ্ঠুর ছিলেন বলে পোস্টে দাবি করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন। আমাকে তিনি আমার পৈত্রিক সম্পত্তির কানাকড়িও পেতে দেননি। আমাকে যেহেতু তিনি দেশে ঢুকতে দেননি, আমি আমার বোনকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলাম। পাওয়ার অব এটর্নির ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়। শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ আমার পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়িত করেননি। শেখ হাসিনাকে মেইনস্ট্রিম মিডিয়ায় এই মর্মে একাধিক খোলা চিঠি লেখার পরও তিনি সাড়া দেননি। ভীষণ নিষ্ঠুর ছিলেন তিনি।’ তার প্রথম আত্মজীবনী নিষিদ্ধ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তসলিমা লিখেছেন, ‘কী কারণে তিনি আমার আত্মজীবনীর প্রথম খণ্ড 'আমার মেয়েবেলা' নিষিদ্ধ করেছিলেন, তা তিনিই জানেন। অদ্ভুত হিংসা, ঘৃণা, আর দম্ভে তিনি আচ্ছন্ন থাকতেন। তার ভয়ে প্রকাশকরা বাংলাদেশে আমার বই প্রকাশ করতেন না। তিনি নিষিদ্ধ করবেন আমার বই, আমার বই প্রকাশ করলে প্রকাশকদের হেনস্তা করবেন তিনি, এই ভয় ছিল প্রকাশকদের। কী ক্ষতি আমি তার করেছিলাম? কিছুই না।’ শেখ হাসিনার পক্ষে তিনি কথা বলেছেন উল্লেখ করে লেখেন, ‘তার পক্ষে কথা বলেছি বহুবার। তিনি নির্বাচনে জিতুন, তিনি বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনুন, এমন আশা ব্যক্ত করেছি বহুবার। খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে নির্বাসনদণ্ড দিয়েছিলেন, তার প্রতি বিরোধী দলের নেত্রী হিসেবে তার সহমর্মিতা থাকার কথা, অথচ তিনি ছিলেন একই রকম ভিনডিকটিভ।’ বাবার মৃত্যুশয্যায় তসলিমা দেশে ফিরতে পারেননি উল্লেখ করে লিখেছেন, ‘তিনি নিজের বাবা নিয়ে কত যে হাহাকার করতেন, অথচ অন্যের বাবাকে তিনি দু'পয়সার মূল্য দিতেন না। যেন তার বাবাই বাবা, অন্যের বাবারা বাবা নয়। অসম্ভব স্বার্থান্ধ মানুষ ছিলেন। আমার বাবা যখন মৃত্যুশয্যায়, আমি দেশে ফেরার জন্য আকুল ছিলাম, বাবাকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাকে শতবার অনুরোধ করেছিলাম যেন আমাকে দেশে ফিরতে বাধা না দেন, তিনি বাধা দিয়েছিলেন, তিনি আমার অনুরোধের দিকে ফিরেও তাকাননি, আমাকে দেশে ফিরতে দেননি। আত্মম্ভরিতা শেখ হাসিনাকে খুব হীন এবং নীচ বানিয়েছিল।’ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি পোস্টে লিখেছেন, ‘তার হীনতা আর নীচতার প্রতিশোধ আমি কিন্তু নিচ্ছি না। আমি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর যে নির্যাতন চালাচ্ছে ইউনুস সরকার, তার প্রতিবাদ করছি। আমি বারবার বলছি সামনের নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, দেশের এই সংকটকালে স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যেন জোট বাঁধে, যেন নির্বাচনে জেতে।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি