সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জমায়েত নিষিদ্ধ

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজ বৃহস্পতিবার বিকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনকে এ নির্দেশের কথা জানানো হয়। ভিডিও কনফারেন্সে সব ধরনের ওয়াজ মাহফিল ও তীর্থযাত্রা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়।
প্রতিদিনই করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। তাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে বিদেশ ফেরত কারো সংস্পর্শে এসেছিলেন।
দেশে নতুন করে আক্রান্ত একই পরিবারের ৩ জন। এরমধ্যে একজন নারী আর দুজন পুরুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সবার ছুটি।
আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, নতুন করে আক্রান্তদের পরিবারের একজন এসেছিলেন ইতালি থেকে।
করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তের হার বাড়লে লকডাউনের চিন্তা করবে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রয়োজনের কথা ভেবে অনেক হাসপাতাল ও স্থাপনা ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পর্যায়ক্রমে দেশের হাসাপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে। এসময় কোয়ারেন্টিনে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।
নিজেদের নিরাপত্তা ও সঠিক নির্দেশনার দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ডক্টরস ফর সেইফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। এসময় চিকিৎসায় নিরাপত্তার রূপরেখাসহ ১০ দফা দাবিও তুলে ধরেন চিকিৎসক প্রতিনিধিরা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি