
বাংলাপ্রেস ডেস্কঃ অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকাল পৌনে ৪টায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে আনা হয়। এসময় কারাফটকে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু, রোজিনা ইসলামের বোন সাবিনা আক্তারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
রোজিনার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয় রোজিনাকে। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়। পরে পাঁচদিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন আদালত।
কাশিমপুর কারা ফটকে দায়িত্বে থাকা কারারক্ষী আবদল হান্নান রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় নথিপত্র সংগ্রহ ও ছবি তোলার অভিযোগে প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনসহ তিনটি ধারায় অভিযোগ এনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]