শাহবাগের পরিবর্তে সমাবেশ করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রায়ই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সভা-সমাবেশ করা হয়। এর ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জনভোগান্তি দূর করতে এখন থেকে আর শাহবাগে নয়, সভা-সমাবেশ করতে হবে এর পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে। আজ মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আন্দোলন ও সমাবেশকারীরা রাস্তায় সমাবেশ না করে দাবি-দাওয়ার বিষয় সরকারি কমিটি ও কমিশনে পেশ করতে পারেন। এতে জনভোগান্তি কমবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে কোনো আন্দোলনে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে বলা হয়েছে। এ ছাড়া জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘সভায় অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।’
সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ এ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি