সাদা ভাত কি সত্যিই ক্ষতিকর? গবেষণায় মিলল নতুন তথ্য
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: বাঙালির খাবারের প্লেটে ভাত না থাকলে যেন খাবারটাই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু স্বাস্থ্য সচেতন হলেই অনেকের প্রথম প্রশ্ন সাদা ভাত কি বাদ দিতে হবে? বিশেষ করে ওজন বাড়া, ডায়াবেটিস কিংবা রক্তে শর্করা বেড়ে যাওয়ার সঙ্গে সাদা ভাতের সম্পর্ক নিয়ে নানা কথা প্রচলিত আছে। খবর হেলথলাইন
সাদা ভাত যে বাদামি চালের তুলনায় বেশি প্রক্রিয়াজাত, সেটি সত্যি। কিন্তু তাই বলে সাদা ভাতকে একেবারে ‘অস্বাস্থ্যকর’ খাবার বলা যায় না। গবেষণা বলছে, কতটা খাচ্ছেন, কীসের সঙ্গে খাচ্ছেন এবং আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস কেমন এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
- সাদা ও বাদামি চালের পার্থক্য
বাদামি চাল মূলত সম্পূর্ণ শস্য।
এতে চালের বাইরের স্তর, অর্থাৎ ব্র্যান ও জার্ম থাকে। ফলে এতে ফাইবার, ভিটামিন, খনিজ ও বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট তুলনামূলক বেশি থাকে। অন্যদিকে সাদা চাল প্রক্রিয়াজাত করার সময় ব্র্যান ও জার্ম সরিয়ে ফেলা হয়। ফলে মূলত কার্বোহাইড্রেটসমৃদ্ধ অংশটি থাকে।
এ কারণে সাদা চালে ফাইবার ও কিছু পুষ্টি উপাদান বাদামি চালের তুলনায় কম। তবে কিছু ক্ষেত্রে প্রক্রিয়াজাত সাদা চাল আবার আয়রন ও বি-ভিটামিন দিয়ে সমৃদ্ধ করা হয়।
- সাদা ভাত কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
এখানেই সাদা ভাত নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন। সাদা চালের গ্লাইসেমিক ইনডেক্স বেশি। অর্থাৎ এটি খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে।
বিশেষ করে আঠালো ও ছোট দানার সাদা চালের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হতে পারে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত বেশি পরিমাণে সাদা ভাত খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার সম্পর্ক থাকে অনেক সময়। একটি গবেষণা পর্যালোচনায় প্রতিদিন অতিরিক্ত ১৫০ গ্রাম সাদা ভাত খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ শতাংশ বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে সাদা ভাত খেলেই ডায়াবেটিস হবে। শরীরের ওজন, শারীরিক পরিশ্রম, পুরো খাদ্যাভ্যাস ও অন্যান্য জীবনযাপনও রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ভাত খেলেই কি ওজন বাড়ে?
সাদা ভাতকে ওজন বাড়ানোর জন্য দায়ী করা ঠিক নয়। গবেষণায় বাদামি চালের সঙ্গে সাদা চালের তুলনা করে কিছু ক্ষেত্রে দেখা গেছে, বাদামি চাল খেলে ওজন, কোমরের মাপ ও বডি মাস ইনডেক্স (বিএমএই) কমার প্রবণতা থাকতে পারে। আবার বেশি পরিমাণে সাদা ভাত খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সম্পর্কও কিছু গবেষণায় পাওয়া গেছে।
ওজন বাড়া বা কমার মূল বিষয় হলো আপনি দিনে মোট কত ক্যালরি গ্রহণ করছেন এবং কতটা খরচ করছেন। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি খেলে ওজন বাড়তে পারে সেই ক্যালরির একটি অংশ ভাত থেকে এলেও। তাই শুধু ভাত বাদ দিলেই যে ওজন কমবে, এমন নয়।
- তাহলে কি সাদা ভাত খাওয়া বন্ধ করতে হবে?
বিষয়টা মোটেও এমন নয়। বিশেষজ্ঞরা বলছেন সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে সাদা ভাত খাওয়া যায়। তবে পরিমাণের দিকে নজর রাখা জরুরি। ভাতের সঙ্গে শাকসবজি, ডাল, মাছ, ডিম বা অন্যান্য পুষ্টিকর খাবার রাখলে খাবারটি আরো ভারসাম্যপূর্ণ হয়। আর যাদের ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণের সমস্যা বা রক্তে শর্করা ওঠানামার প্রবণতা রয়েছে, তাদের জন্য ভাতের ধরন ও পরিমাণ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করা ভালো। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি