র্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযান চালিয়ে এক দিনে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার অবৈধভাবে মজুত ভোজ্যতেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বিভিন্ন অপরাধে তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নিয়েছে র্যাব। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই হিসেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয়। এ সময় ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব আরও জানায়, ফেনী জেলার ইসলাম রোড এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে একটি গুদামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতদারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নরসিংদী সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুত, ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের অভিযানে ব্যবসায়ীদের অতিরিক্ত তেল মজুত ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি