
বাংলাপ্রেস ডেস্ক: শিশুবক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আবার একদিনের রিমান্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় করা বিস্ফোরক আইনের মামলায় শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বুধবার (২১ এপ্রিল) ১০ দিনের রিমান্ড আবেদন করলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আবদুল হাই ভার্চুয়াল আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গত ২৮ মার্চ ময়মনসিংহে হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানার এসআই কাশেম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি নিয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরের গাছা থানায় করা মামলায় শিশুবক্তা রফিকুলকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রফিকুল ইসলাম নেত্রকোণার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি শিশুবক্তা হিসেবে পরিচিতি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]