২৬ জুন ২০২৬

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৬ পিএম
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (২২ মে) দুপুর দুইটার দিকে 'মিরপুরের সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতা'র ব্যানারে কয়েক শ মানুষ মিছিল নিয়ে মিরপুর-১০ গোলচত্বরে এসে বিক্ষোভ করেন।

এ সময় তারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবি জানান। এ ছাড়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও জানান।


বিক্ষোভ চলাকালে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ট্রাফিকের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'কয়েক শ মানুষ শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর-১০ গোলচত্বরে এসে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে তারা সড়ক ছেড়ে দেন।'

এর আগে বেলা সোয়া দুইটা থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের আয়োজন করে বি–১১ সমাজকল্যাণ যুব সংগঠন এবং শিশুটি যে স্কুলে পড়াশোনা করত, সেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

এ ছাড়া আরও কয়েকটি সংগঠন দুপুরের পর একই দাবিতে মিরপুরের বিভিন্ন সড়কে মিছিল করে।

 

গত মঙ্গলবার পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি ভবনে সাত বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি