পুলিশ নিজেই নির্বাচনী আচরণবিধি ভাঙছেন!

বাংলাপ্রেস ডেস্ক : সিলেটে আইনশৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধেই উঠেছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। এমন ঘটনার জন্ম দিয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম। বুধবার সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন রতনের মনোনয়নপত্র জমাদানকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ওসি হাসেম। মনোনয়নপত্র জমা দেয়ার এ ছবি দলীয় নেতাকর্মীরা তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেন। ছবিতে দেখা যায়- ‘নেতাকর্মীদের মতো ওসি হাসেম মনোনয়নপত্র এগিয়ে দিচ্ছেন।
এই ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রশ্ন উঠেছে, সরকারদলীয় এমপির মনোনয়নপত্র জমা দেয়ার সময় থানার ওসিকে সঙ্গে রাখা নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে কি? এ বিষয়ে ওসি আবুল হাসেম বলেন, তিনি সেখানে আগে থেকেই ছিলেন, তারা এমনভাবে ডেকেছে আমি আর এতকিছু খেয়াল করিনি।
এখন মনে হচ্ছে এভাবে ছবি তোলা ঠিক হয়নি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান জানান, তিনি আগে থেকেই এখানে ছিলেন। আমরা দু’জন রিসিভ করেছি।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার উচিত ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে আইনানুগ ব্যবস্থা নেয়া।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সেখানে অন্য কাজে আগে থেকেই উপস্থিত ছিলেন। তবুও আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। একইভাবে বলেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবদুল আহাদও। এ ব্যাপারে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি