পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বৃষ্টির কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো। পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। এই প্রথম এ দুই দলের কোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। রাত ৮টা ২৬ মিনিটে এসেছে এ ঘোষণা।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪.৩ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। এরপর সন্ধ্যা ৭টায় ৪২ ওভারের ম্যাচই হবে, জানানো হয়েছিল এমন। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আবার নামে বৃষ্টি। সেটি থামেনি আর।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি।
বৃষ্টি বাধার মাঝে যা খেলা হয়েছে, তাতে দাপট ছিল বাংলাদেশ বোলারদের। শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুতেই ২ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডকে সে চাপ থেকে টেনে তোলার কাজটি করেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। মোস্তাফিজ এসে ভাঙেন সে জুটি। এরপর নাসুমের জোড়া আঘাতে আবার এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড।
টম ব্লান্ডেল ও কোল ম্যাকনকির সামনে ছিল কঠিন কাজ। কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেল সে সব। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ সেপ্টেম্বর, এই শেরে বাংলাতেই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি