
বাংলাপ্রেস ডেস্ক: পরীমণিকে নিয়ে বাসায় ১৮ ঘণ্টা কাটানোর অভিযোগ ওঠায় এরইমধ্যে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে গোয়েন্দা বিভাগের (ডিবি) সব কার্যক্রম থেকে নিবৃত করা হয়েছে। এবার সেই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।
রোববার (৮ আগস্ট) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে (ট্রেনিং) প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের ডিআইজি মিডিয়া হায়দার আলী খান।
বাকি দুজনের একজন হলেন, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং অন্যজন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।
সাকলায়েন যে মামলার তদারকি কর্মকর্তা সেই মামলার তথ্য, তার বাসায় পরীমণির আসা-যাওয়ায় মামলার তদন্তে কোনো প্রভাব পড়েছে কি না, সাকলায়েন পুলিশের আইন অনুযায়ী কোনো অপরাধ করেছেন কি না, তদন্ত প্রতিবেদনে ইত্যাদি তুলে ধরতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]