৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (৪ ডিসেম্বর) চট্টগ্রামের জনসভায় ভাষণ দেবেন। তার জনসভার জন্য চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ সাবির্কভাবে প্রস্তুত রয়েছে। চট্টগ্রামে এসেই তিনি ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে যাবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামে সর্বশেষ জনসভায় গিয়েছিলেন ২০১২ সালের ২৮ মার্চ। সেদিন তিনি পলোগ্রাউন্ডে ১৪ দলের মহাসমাবেশে যোগ দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জানান, এটিই হবে চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। তিনি বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড অনেক বড় মাঠ, এখানে জাতির পিতা বঙ্গবন্ধু জনসভা করেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও জনসভা করেছেন। কানায় কানায় পূর্ণ জনসভা হয়েছে। অতীতেও মাঠ ছাড়িয়ে মানুষ বাইরে দাঁড়িয়েছে। আমরা যেভাবে সাড়া দেখতে পাচ্ছি, এবার কিন্তু মাঠের তুলনায় আট-দশ গুণ বেশি মানুষ মাঠের বাইরে থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীকে বরণ করতে পুরো চট্টগ্রাম প্রস্তুত। শুধু জনসভাস্থলেই জনসমুদ্র হবে তা নয়, পুরো চট্টগ্রাম হবে লোকে লোকারণ্য। এ জনসভার মধ্যে দিয়ে বিজয়ের মাসে চট্টগ্রাম আরো একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে।’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামে উৎসবের আমেজ তৈরি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ নেতারা এরই মধ্যে জনসভার মাঠ পরিদর্শন করেছেন, দিয়েছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। প্রধানমন্ত্রী জনসভার আগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। চট্টগ্রামে যে চারটি প্রকল্পের ভিত্তির স্থাপন করা হবে সেগুলো হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির আধুনিকীকরণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামের বিপিসি ভবন নির্মাণকাজ। যে ৩০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সন্দ্বীপ উপজেলার ৭২নং পোল্ডারের ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (প্রথম সংশোধিত) প্রকল্প এবং বাঁশখালী উপজেলার ৬৪/১এ, ৬৪/১বি এবং ৬৪/১সি পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)। তার মধ্যে রয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন। এ ছাড়া কোতোয়ালী থানাধীন দারুল উলুম আলিয়া মাদরাসার একটি ছয়তলা ভবন এবং সীতাকুন্ড টেকনিক্যাল স্কুলের একটি পাঁচতলা ভবন ও একটি চারতলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণের কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি