প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন
জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় (আইডিইএক্স-২০১৯) যোগ দিতে আজ রোববার সকালে আবুধাবি পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে।
আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভযাত্রাসহকারে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে নিয়ে যাওয়া হয়। আমিরাতে অবস্থানকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন।
এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে মিউনিখ সময় রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ২টা ৪০ মিনিট) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আমিরাত সফরকালে শেখ হাসিনা আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার (আইডিইএক্স-২০১৯) উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া অন্য নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি