২৩ জুন ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ জানাল কর্তৃপক্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ জানাল কর্তৃপক্ষ

বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহেই প্রকাশ করা হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।

সোমবার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তারা ফল প্রকাশের প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুত হলেও ডাটাবেজে কিছু কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠানো হবে।

এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, তথ্যবিভাগ থেকে চূড়ান্ত ডাটা হাতে পেলেই জরুরি সভা করে পরদিনই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশাবাদী, চলতি মাসের শেষের দিকেই শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশ থেকে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত সার্ভারের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।

১. মেধাবৃত্তি বা ট্যালেন্টপুল 

যেসব শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষে থেকে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি লাভ করবে, তারা প্রতি মাসে ৩০০ টাকা করে মাসিক ভাতা পাবে।

এর পাশাপাশি এই ক্যাটাগরির শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে পাবে ২২৫ টাকা।

২. সাধারণ বৃত্তি

সাধারণ কোটায় বা সাধারণ ক্যাটাগরিতে যারা বৃত্তির জন্য মনোনীত হবে, তাদের মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা। এ ছাড়া এই ক্যাটাগরির সাধারণ শিক্ষার্থীরাও এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা করে পাবে।

চলতি বছরের গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে দেশের ৬১টি জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মূল পরীক্ষা শেষ হয়। তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশেষ ব্যবস্থাপনায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছরই প্রথমবারের মতো দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরাও সরকারি এই বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।

ঘরে বসেই রেজাল্ট চেক করার সহজ উপায় :

১. অনলাইনের মাধ্যমে (রোল নম্বর দিয়ে) :
ipemis.dpe.gov.bd অথবা dpe.gov.bd ওয়েবসাইটে যান।
পরীক্ষার সন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা) সিলেক্ট করুন।
শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘সাবমিট’ করলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

২. মোবাইল এসএমএস-এর মাধ্যমে :
যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন : DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
(উদাহরণ : DPE 123456 লিখে Send করুন 16222 নম্বরে)। ফিরতি এসএমএস-এ ফলাফল চলে আসবে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি