পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে দুজন আহত
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে বৃহস্পতিবার ফেডারেল এজেন্টদের গুলিতে দুইজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পোর্টল্যান্ড পুলিশ জানায়, তারা গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক পুরুষ ও এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পান। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, অভিবাসন প্রয়োগ–সংক্রান্ত একটি যানবাহন থামানোর সময় চালক কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের এক এজেন্ট গুলি চালান। সংস্থাটির দাবি, চালক ও যাত্রী একটি ভেনেজুয়েলান গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এই গুলির ঘটনা ঘটল এক দিন পর, যখন মিনিয়াপলিসে এক অভিযানে আইসিইর এক কর্মকর্তা এক নারীকে গুলি করে হত্যা করেন।
পোর্টল্যান্ড পুলিশের প্রধান বব ডে বলেন, “আমরা এখনও ঘটনার প্রাথমিক পর্যায়ে আছি। মিনিয়াপলিসের গুলির ঘটনার পর মানুষের মধ্যে যে উত্তেজনা ও আবেগ তৈরি হয়েছে, আমরা তা বুঝতে পারছি। তবে আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি, তাই আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।”
পোর্টল্যান্ডের মেয়র এই গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইসিইকে শহর ছাড়ার আহ্বান জানান।
মেয়র কিথ উইলসন বলেন, “সংবিধানিক সুরক্ষা ক্ষয় হতে থাকুক আর রক্তপাত বাড়ুক—আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। পোর্টল্যান্ড কোনোভাবেই সামরিকীকৃত এজেন্টদের ‘প্রশিক্ষণক্ষেত্র’ নয়, আর প্রশাসনের ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের হুমকির পরিণতি মারাত্মক।”
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি