
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফলাফল সঠিক নয়। প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে আগামী সোমবারই আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিভিন্ন সংবাদমাধ্যম ও জরিপ সংস্থার পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়া জিতে ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করার কিছু সময় পর ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি বলেছেন, ‘আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে ‘ম্যাজিক ফিগার’-এ পৌঁছে যান বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার কথা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আগেই নির্বাচন নিয়ে বেশ কিছু মামলা করা হয়েছে। বাইডেন জয়ী হওয়ার পর ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী গিলানি জানান, এবার পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিরুদ্ধে তারা সোমবার থেকে আইনি চ্যালেঞ্জ শুরু করবেন।
উল্লেখ্য, ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০টি নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ও নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট জয়ের মধ্য দিয়ে তার ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। একই সঙ্গে প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কা- এই পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার ভোট পুনঃগণনা হচ্ছে।
নির্বাচনের ফল জানতে সবার দৃষ্টি ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দিকে। এই রাজ্যে জিতলেই বাইডেনের জয় নিশ্চিত হতো। হয়েছেও সেটাই। পেনসিলভানিয়ায় জয়ের ফলে আগেই ২৫৩ ইলেকটোরাল ভোট পাওয়া বাইডেনের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। বাকি পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পেলেও তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৬৫।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]