পার্বতীপুরে পাথর খনিতে বেতনের দাবীতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিনশিলা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকেরা।
আজ বুধবার সকাল ৯টা থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো শুরু বিক্ষোভ করেন তারা। জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম’র (জিটিসি) অধিনে সহস্রারাধিক বাংলাদেশি শ্রমিক খনির ভূ-গর্ভস্থ ও উপরিভাগে কাজ করেন। এসব শ্রমিককে গত ফেব্রুয়ারী ও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে গত ২৫ মার্চ রাত ৯টায় খনির উৎপাদনসহ সব বিভাগের কাজ বন্ধ ঘোষনা করে নোটিশ ঝুলিয়ে দেয় জিটিসি। এর প্রেক্ষিতে বেতনের দাবিতে পরদিন খনি গেটের সামনে বিক্ষোভসহ অবস্থান ধর্মঘট পালন করে শ্রমিকেরা। তোপের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ।
তবে গত মঙ্গলবার (৭এপ্রিল) কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধে ব্যার্থ হলে দ্বিতীয় দিনের মতো খনি গেটে অবস্থান করে বিক্ষোভ করে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। তবে বেলা ১২ টায় খনির অভ্যন্তরে জরুরী মিটিং করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করা হবে এমন সিদ্ধান্তে তাদের বিক্ষোভ কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষনা করেন শ্রমিকরা। এ ব্যাপারে জানতে চাইলে মধ্যপাড়া কঠিন শিলাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম কামরুজ্জামান বাংলাপ্রেসকে বলেন, শ্রমিকদের পাওনার টাকা আমরা ইতোমধ্যে জিটিসির কাছে হস্তান্তর করেছি। সেই সাথে শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র ডিজিএম জাহিদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলাপ্রেসকে বলেন, আমরা পেট্রোবাংলার থেকে টাকা পেয়েছি তবে এখনো তা ক্যাশ করতে না পারায় শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হচ্ছেনা। বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি