পার্বতীপুর রেলষ্টেশনে পুলিশের সামনে যাত্রীকে পেটালেন টিসি
পার্বতীপুর (দিনাজপুর) থেকে সংবাদদাতা: দিনাজপুরের পার্বতীপুরে ভ্রমণ করলেও ট্রেনের টিকিট দেখাতে না পারায় সোহানুর রহমান সোহান নামে এক যাত্রীকে মারধর করেছেন টিকিট সংগ্রাহক (টিসি) সোহাগ হোসেন। গত রবিবার দুপুরে পার্বতীপুর রেলস্টেশনে পুলিশের সামনেই এ ঘটনা ঘটে। পরে রাত থেকে এ ঘটনার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়।
এতে দেখা যায়, সোহাগ ওই যাত্রীর শার্টের কলার ও গলা চেপে ধরে টানাহেঁচড়া করছেন। আর স্টেশনের ওয়েটিং রুম বেয়ারা আব্দুল কুদ্দুস তাকে সমানে পেটাচ্ছেন। রেলওয়ে পুলিশের তিন সদস্যের সামনে মারধর করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ ঘটনায় সিরাজুল ইসলাম ইমু নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলেও কাউকে এভাবে মারধরের অধিকার টিসির নেই। তার শাস্তি হওয়া উচিত।’
ভুক্তভোগী সোহান জানান, গত রবিবার দুপুরে তিতুমীর এক্সপ্রেসে জয়পুরহাট থেকে তিনি পার্বতীপুর আসেন। টিকিট না কাটলেও রেলপুলিশকে ১০০ টাকা দেন। স্টেশনে নামার পর টিসি সোহাগ টিকিট চান। পুলিশকে টাকা দিয়ে আসার কথা জানালে তিনি আরও ১৮০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় মারধর করা হয়। পরে অফিসে নেওয়ার চেষ্টাকালে আব্দুল কুদ্দুসও তাকে মারধর করেন।
এ বিষয়ে সোহাগ বলেন, ‘টিকিট চাওয়ায় সোহাগই তার গায়ে হাত তোলেন। এরপর তাকে অফিসে নিতে গেলে ধাক্কাধাক্কি হয়। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, তিতুমীর এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজশাহী রেলপুলিশ। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি