৫ মে ২০২৬

অভিযান চলাকালে আইসিই এজেন্টরা পরিচয়পত্র বা নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে: নোয়েম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পিএম
অভিযান চলাকালে আইসিই এজেন্টরা পরিচয়পত্র বা নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে: নোয়েম

নোমান সাবিত: হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, ফেডারেল অভিবাসন অভিযান চলাকালে যদি কোনো ব্যক্তিকে 'লক্ষ্য' হিসেবে ধরে নেওয়া হয় বা কোনো অপরাধীকে ঘিরে থাকা অবস্থায় আইসিই'র এজেন্টরা তাদের পরিচয় যাচাই করতে নাগরিকদের কাছেও নাগরিকত্ব প্রমাণ (যেমন আইডি/পাসপোর্ট) চাইতে পারে। তিনি বলেন এই ধরণের পরিচয় যাচাই করা 'লক্ষ্যভিত্তিক প্রবিধান' হিসেবে ইতিমধ্যে করা হয়।
মিনিয়াপলিসে টানা কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার প্রেক্ষাপটে নোয়েম এই মন্তব্য করেন, যেখানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তাদের জড়িত একাধিক ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার এক ভেনেজুয়েলান অভিবাসী আইসিই এজেন্টদের ধাওয়ার সময় পায়ে গুলিবিদ্ধ হন। তার এক সপ্তাহ আগে ৩৭ বছর বয়সী রেনি গুড নামের এক নারী আইসিই কর্মকর্তার গুলিতে নিহত হন। ওই কর্মকর্তা দাবি করেন, তিন সন্তানের জননী গুড নাকি তাঁর গাড়ি দিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
এক প্রশ্নের জবাবে নোয়েম সাংবাদিকদের বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। যদি আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর পেছনে থাকি, তাহলে তার আশপাশে থাকা অন্য ব্যক্তিদের কাছেও আমরা জানতে চাইতে পারি তারা কারা, সেখানে কেন আছেন, এবং তাদের পরিচয় যাচাই করতে বলতে পারি।
তবে ভিডিও ও অনেক অভিযোগে দেখা গেছে, মিনিয়াপলিসে ফেডারেল কর্মকর্তারা নাগরিকদের পরিস্থিতির বাইরে এবং উদ্দেশ্য ছাড়াই নাগরিকত্ব প্রমাণ দিতে বলছেন, যা নীতি ও সাংবিধানিক অধিকার নিয়ে বড় জল্পনা তৈরি করেছে।
নোয়েমের এই বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা কেবল ‘সহিংস অপরাধীদের’ই বহিষ্কার করা হবে। অথচ তাঁর দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন এমন কিশোর শিক্ষার্থী, অভিভাবক, সিটি কাউন্সিলের কর্মীসহ বহু মানুষকে বহিষ্কার করেছে, যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই।
এদিকে, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা সীমিত করতে দেশজুড়ে ডেমোক্র্যাটরা নতুন নতুন অঙ্গরাজ্য আইন প্রস্তাব করছেন।
ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোতে এ ধরনের প্রস্তাব বহু বছর ধরেই আলোচনায় থাকলেও, রেনি গুডের মৃত্যুর পর ট্রাম্পের জাতীয় অভিবাসন অভিযানের প্রেক্ষাপটে এসব উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। রিপাবলিকানরা অবশ্য এর বিরোধিতা করে বলছেন, বিক্ষোভকারীরাই অভিবাসন আইন প্রয়োগে বাধা সৃষ্টি করছে।
ডেমোক্র্যাটিক প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে আইসিই সীমিত করার উদ্যোগ
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল চান, সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ দেওয়া হোক। আরেকটি প্রস্তাব অনুযায়ী, বিচারিক পরোয়ানা ছাড়া অভিবাসন এজেন্টদের স্কুল, হাসপাতাল ও উপাসনালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
ওরেগনে ডেমোক্র্যাটরা এমন একটি বিল আনতে চান, যাতে বাসিন্দারা অবৈধ তল্লাশি ও জব্দের বিরুদ্ধে চতুর্থ সংশোধনী অধিকার লঙ্ঘনের অভিযোগে ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা করতে পারেন।
নিউ জার্সিতে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত আইনসভা সোমবার তিনটি বিল পাস করেছে, যার একটি দীর্ঘদিন ধরে অভিবাসী অধিকারকর্মীরা দাবি করে আসছিলেন। এর মধ্যে একটি বিলে অঙ্গরাজ্য পুলিশের ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর ফিল মারফির হাতে মঙ্গলবার পর্যন্ত সময় আছে এসব বিলে স্বাক্ষর বা ভেটো দেওয়ার।
ক্যালিফোর্নিয়ায় আইনপ্রণেতারা প্রস্তাব করছেন, স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে দ্বিতীয় চাকরি করা নিষিদ্ধ করা হোক এবং আদালতে হাজিরার আশপাশে আইসিই কর্মকর্তাদের ‘নির্বিচার’ গ্রেপ্তারকে অঙ্গরাজ্য আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হোক। আরও কিছু প্রস্তাব বিচারাধীন রয়েছে।
সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অঙ্গরাজ্য সিনেটর স্কট উইনার এক সংবাদ সম্মেলনে বলেন, যেখানে সরকারের কর্মকাণ্ডের কোনো জবাবদিহি নেই, সেখানে প্রকৃত গণতন্ত্র থাকতে পারে না।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি