অভিবাসীদের অর্থ চুরির অভিযোগে ছয় অভিবাসন কর্মকর্তা গ্রেপ্তার
ইমা এলিস: যুক্তরাজ্যে ছয়জন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসীদের কাছ থেকে অর্থ চুরি এবং সেই অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। হোম অফিসের এক তদন্তে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে অভিবাসীদের কাছ থেকে চুরি ও অর্থ পাচারের তথ্য উঠে আসার পর ওই ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ‘প্রসিডস অব ক্রাইম অ্যাক্ট’-এর আওতায় অপরাধলব্ধ সম্পদ গোপন করা, ছদ্মবেশে রূপান্তর করা, হস্তান্তর বা অপসারণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে, যা ক্রাউন কোর্টে বিচারযোগ্য একটি কমন ল অপরাধ এবং এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
অভিযুক্ত কর্মকর্তাদের একজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ ও বসবাসের অনুমতি অর্জন এবং অসৎ উদ্দেশ্যে একটি পরিচয়পত্র নিজের কাছে রাখার অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে।
এই তদন্তটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের হোম অফিস-এর দুর্নীতিবিরোধী তদন্তকারীরা, যাদের সহায়তা করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)।
হোম অফিসের একজন মুখপাত্র বলেন, এগুলো অত্যন্ত উদ্বেগজনক অভিযোগ এবং এখন ফৌজদারি বিচারপ্রক্রিয়া তার স্বাভাবিক গতিতে এগোনোই সঠিক পথ।
এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গেই ওই ছয়জনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। আমরা আমাদের সব কর্মকর্তার কাছ থেকে সর্বোচ্চ মানদণ্ড প্রত্যাশা করি। সেই মানদণ্ড লঙ্ঘিত হলে আমরা বিন্দুমাত্র দ্বিধা না করে ব্যবস্থা নেব।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)–এর বিশেষ অপরাধ বিভাগ (স্পেশাল ক্রাইম ডিভিশন)–এর প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, 'আমাদের কৌঁসুলিরা নিশ্চিত করেছেন যে এই মামলাটি আদালতে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং ফৌজদারি বিচারপ্রক্রিয়া চালানো জনস্বার্থে অপরিহার্য। তদন্ত পরিচালনার সময় আমরা হোম আফিস–এর দুর্নীতিবিরোধী অপরাধ তদন্ত ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি।'
তিনি জানান, অভিযুক্ত ছয়জনই আগামী ২৯ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন।
অভিযুক্তদের বিবরণ:
বেসমির মাতেরা (৩৬), রেইগেট, সারে—তার বিরুদ্ধে চুরি করার ষড়যন্ত্র, সরকারি দায়িত্বে অসদাচরণ এবং অপরাধলব্ধ সম্পদ গোপন, ছদ্মবেশে রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ ও বসবাসের অনুমতি অর্জন এবং অসৎ উদ্দেশ্যে পরিচয়পত্র দখলে রাখার তিনটি অভিযোগও রয়েছে।
লি-অ্যান ইভানসন (৪২), ব্র্যাকনেল, বার্কশায়ার—চুরি করার ষড়যন্ত্র, কমন ল–এর আওতায় সরকারি দায়িত্বে অসদাচরণ এবং অপরাধলব্ধ সম্পদ গোপন, রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগে অভিযুক্ত।
জন বার্নথাল (৫৩), ওয়েলিং, দক্ষিণ-পূর্ব লন্ডন—চুরি করার ষড়যন্ত্র, সরকারি দায়িত্বে অসদাচরণ এবং অপরাধলব্ধ সম্পদ গোপন, রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগে অভিযুক্ত।
বেন এডওয়ার্ডস (৪৫), বেক্সলিহিথ, দক্ষিণ-পূর্ব লন্ডন—চুরি করার ষড়যন্ত্র, সরকারি দায়িত্বে অসদাচরণ এবং অপরাধলব্ধ সম্পদ গোপন, রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগে অভিযুক্ত।
জ্যাক মিচেল (৩৩), ডোভার, কেন্ট—চুরি করার ষড়যন্ত্র, সরকারি দায়িত্বে অসদাচরণ এবং অপরাধলব্ধ সম্পদ গোপন, রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগে অভিযুক্ত।
ডেভিড গ্রান্ডি (৪৩), ক্রয়ডন, দক্ষিণ লন্ডন—অপরাধলব্ধ সম্পদ গোপন, রূপান্তর, স্থানান্তর বা অপসারণের অভিযোগে অভিযুক্ত।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি