১৯ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মঞ্চে নিজেদের আধিপত্য বজায় রেখে নকআউট পর্ব নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। টানা দুই জয়ে সবার আগে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল মেক্সিকো। এবার সেই একই কীর্তি গড়ল যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুবাদে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল মার্কিনিরা।

বাংলাদেশ সময় শুক্রবার (১৯ জুন) রাতে সিয়াটলের লুমেন ফিল্ডে দর্শকদের বাঁধভাঙা উল্লাসের মাঝে দাপুটে ফুটবল খেলে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মরিসিও পত্তেচিনোর শিষ্যরা। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের এই আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন অ্যালেক্স ফ্রিম্যান।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়েই এদিন অস্ট্রেলিয়াকে বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। শুরু থেকেই তাদের গতিময় ফুটবল অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে। ম্যাচের ১১তম মিনিটের মাথায় সেই চাপের ফলও পায় তারা। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ছয় গজের বক্সে বিপদজনক হয়ে উঠলে তা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ক্যামেরন বার্জেস।

১-০ গোলে পিছিয়ে পড়ে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে অজিরা। সেই ধাক্কা সামনে ওঠার আগেই প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে আসা বলটি বক্সের প্রান্তে সের্হেনিও দেস্তের কাছে পৌঁছালে তিনি জোরালো শট নেন। প্রতিপক্ষের গায়ে লেগে বলটি উপরে উঠে গেলে অতর্কিতে হেডে গোল করেন রাইট-ব্যাক অ্যালেক্স ফ্রিম্যান।

তবে গোল উদযাপনের আগে মুহূর্তের জন্য স্টেডিয়ামে নেমে আসে নীরবতা। লাইন্সম্যান অফসাইডের সংকেত দিলে রেফারি শুরুতে গোলটি বাতিল করেন। পরবর্তীতে ভিএআর পর্যালোচনায় দেখা যায় যে, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। রেফারি গোলটি বৈধ ঘোষণা করার সাথে সাথেই গ্যালারিতে উপস্থিত হাজার হাজার মার্কিন সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালালেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী রক্ষণভাগের দেয়াল ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রও নকআউটে নাম লেখানোয় টুর্নামেন্টের উত্তেজনা এখন তুঙ্গে। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয়, নকআউট পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পায়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি