পেন্টাগনের সঙ্গে এআই চুক্তি নিয়ে উদ্বেগ
ওপেনএআই-এর রোবোটিক্স নেতার পদত্যাগ
ওপেনএআই-এর রোবোটিক্স দলের একজন শীর্ষ সদস্য পদত্যাগ করেছেন
আবু সাবেত: পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা চুক্তি নিয়ে উদ্বেগের কারণে ওপেনএআই-এর রোবোটিক্স দলের একজন শীর্ষ সদস্য পদত্যাগ করেছেন।
রোবোটিক্স ও হার্ডওয়্যার সংক্রান্ত প্রযুক্তিগত কাজে নিয়োজিত ওপেনএআই-এর টেকনিক্যাল স্টাফ সদস্য কেইটলিন কালিনোস্কি সামাজিক মাধ্যমে জানান, নীতিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। সম্প্রতি ওপেনএআই ঘোষণা দেয় যে তাদের এআই সিস্টেম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নিরাপদ কম্পিউটিং ব্যবস্থায় ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।
এই চুক্তি জাতীয় নিরাপত্তা কার্যক্রমে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের জন্য মার্কিন সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ। তবে প্রযুক্তি খাতে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে—বিশেষ করে এআই ব্যবহারের সীমা ও নজরদারি নিয়ে।
পদত্যাগের ব্যাখ্যায় কালিনোস্কি লেখেন, আমি ওপেনএআই থেকে পদত্যাগ করেছি। রোবোটিক্স দল এবং আমরা একসঙ্গে যে কাজ গড়ে তুলেছি, তার প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এটি সহজ সিদ্ধান্ত ছিল না।
তিনি বলেন, পেন্টাগনের সঙ্গে চুক্তি ঘোষণার আগে এআই ব্যবহারের নীতিগত সীমারেখা যথেষ্ট পরিষ্কারভাবে নির্ধারণ করা হয়নি।
তিনি আরও লিখেছেন, জাতীয় নিরাপত্তায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু বিচারিক তদারকি ছাড়া আমেরিকানদের ওপর নজরদারি এবং মানুষের অনুমোদন ছাড়া স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মতো বিষয়গুলো আরও গভীর আলোচনার দাবি রাখে।
কালিনোস্কি জোর দিয়ে বলেন, তার উদ্বেগ মূলত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে, কোনো নির্দিষ্ট নির্বাহীর বিরুদ্ধে নয়। তিনি ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের প্রতি সম্মান জানিয়ে বলেন, স্যাম এবং পুরো দলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমরা একসঙ্গে যা তৈরি করেছি, তা নিয়ে আমি গর্বিত।
ওপেনএআই-এর এক মুখপাত্র এনপিআরকে জানান, পেন্টাগনের সঙ্গে এই চুক্তি জাতীয় নিরাপত্তায় দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের একটি বাস্তবসম্মত পথ তৈরি করে, যেখানে আমাদের স্পষ্ট সীমারেখা রয়েছে—দেশের ভেতরে নজরদারি নয় এবং স্বয়ংক্রিয় অস্ত্র নয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে এবং প্রতিষ্ঠানটি কর্মী, সরকার, নাগরিক সমাজ ও বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারকে এআই প্রযুক্তি সরবরাহের প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে পেন্টাগন ও অন্যান্য ফেডারেল সংস্থা ওপেনএআই ও গুগলের প্রযুক্তির দিকে ঝুঁকেছে, যখন আরেক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের এআই মডেল সামরিক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় বিরোধ তৈরি হয়।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দেশীয় নজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্রে তাদের সফটওয়্যার ব্যবহারের বিরোধিতা করেন। এতে প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে, বিশেষ করে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে, মতবিরোধ দেখা দেয়। তিনি বলেন, প্রতিরক্ষা বিভাগকে সব “আইনসম্মত” অভিযানে বাণিজ্যিক এআই ব্যবহারের সুযোগ থাকতে হবে।
ওপেনএআই-এ কালিনোস্কির দায়িত্ব ছিল কোম্পানির রোবোটিক্স বিভাগ গড়ে তোলা এবং তা সম্প্রসারণে নেতৃত্ব দেওয়া। তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি এমন প্রকল্পে কাজ করছিলেন যেখানে এআইকে বাস্তব অবকাঠামো ও যন্ত্রপাতির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছিল।
পদত্যাগের পরও তিনি একই ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, আমি কিছুদিন সময় নিচ্ছি, তবে দায়িত্বশীল ‘ফিজিক্যাল এআই’ তৈরির কাজে আমার মনোযোগ অব্যাহত থাকবে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি